৬ জানুয়ারি ২০২২(বিবিনিউজ):ইংল্যান্ডে ভ্রমণের ক্ষেত্রে শর্ত শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। যাঁরা করোনাভাইরাসের টিকার পূর্ণাঙ্গ ডোজ নিয়েছেন, তাঁদের আর করোনার পিসিআর পরীক্ষার প্রতিবেদন নিয়ে যেতে হবে না। কাল শুক্রবার ভোররাত চারটা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
বিবিসির খবরে বলা হয়েছে, ভ্রমণসংক্রান্ত প্রতিষ্ঠানগুলো বেশ কিছুদিন ধরে ইংল্যান্ডে বিধিনিষেধ শিথিলের আহ্বান জানিয়ে আসছে। এরপর এমন সিদ্ধান্ত নিল ব্রিটিশ সরকার। নতুন এ সিদ্ধান্ত অনুসারে যারা টিকা নেয়নি কিন্তু বয়স ১৮ বছরের নিচে, তাদেরও করোনা পরীক্ষা করতে হবে না। এ ছাড়া ইংল্যান্ডে যাওয়ার পর আইসোলেশনে থাকার যে বিধি ছিল, তা–ও পরিবর্তন করা হচ্ছে।
করোনার নতুন ধরন অমিক্রন শনাক্ত হওয়ার পর যুক্তরাজ্যে সংক্রমণ বাড়ছে। এরপরও এমন সিদ্ধান্ত নিল ব্রিটিশ সরকার।
ইংল্যান্ডে ভ্রমণ করতে হলে ভ্রমণেচ্ছুক ব্যক্তিকে সেখানে ঢোকার দুই দিন আগে পরীক্ষা করতে হতো। ১২ বছর বয়সের বেশি সবার জন্য বিধি কার্যকর ছিল। এ ছাড়া সেখানে পৌঁছে আবার পিসিআর টেস্ট করে নিতে হতো। আর এ জন্য অর্থ বহন করতে হতো ওই ব্যক্তিকেই। এই পিসিআর পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত আইসোলেশনে থাকতে হতো। কিন্তু নতুন নিয়ম অনুসারে, এখন র্যাপিড অ্যান্টিজেন ল্যাটারাল ফ্লো টেস্ট (এলএফটি) করে নিতে হবে ইংল্যান্ডে পৌঁছার পর। আর রিপোর্ট না আসা পর্যন্ত যে কোয়ারেন্টিনবিধি ছিল, তা–ও শিথিল করা হয়েছে। ফলে ওই ব্যক্তিকে আর কোয়ারেন্টিনে থাকতে হবে না। তবে ইংল্যান্ডে পৌঁছার পর যদি কেউ করোনা পজিটিভ হন, তবে তাঁকে পিসিআর টেস্ট করতে হবে। ওই ব্যক্তি করোনার কোন ধরনে আক্রান্ত, এটা বুঝতে এই পরীক্ষা করা হয়।
তবে যাঁরা টিকা নেননি, তাঁদের ক্ষেত্রে বিধি একই থাকছে। যাওয়ার আগে তাঁদের করোনা পরীক্ষা করতে হবে। যাওয়ার আট দিন পর আবার পিসিআর পরীক্ষা করতে হবে এবং নিজ উদ্যোগে আইসোলেশনে থাকতে হবে।
গতকাল বুধবার এসব নিয়ে কথা বলেছেন বরিস জনসন। তিনি বলেন, নতুন যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলো মূলত ইংল্যান্ডে কার্যকর হবে। তিনি আশা করছেন, যুক্তরাজ্যের অন্য এলাকাগুলো, যেমন উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসও এ পথ অনুসরণ করবে।
