০৯ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় মারুফা বেগম (২৮) নামের এক কুয়েত প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার দেবর হাসান শ্বাসরোধ করে তাকে হত্যার পর পালিয়েছেন বলে জানিয়েছে স্বজনরা। বুধবার (৮ ডিসেম্বর) রাতে আশুলিয়ার নরসিংহপুর এলাকার ডেকো পোশাক কারখানার সামনের একটি বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মারুফা পিরোজপুরের মঠবাড়িয়া থানার জাটিবুনিয়া গ্রামের মোস্তফার মেয়ে। তার স্বামীর নাম আল-আমিন। তিনি কুয়েত প্রবাসী। মারুফা আশুলিয়ার ওই এলাকায় থেকে শারমিন গ্রুপের একটি কারখানায় চাকরি করতেন। তার মারজানা নামের একটি ১২ বছরের কন্যা ও ফাহিম নামের একটি ছয় বছরের পুত্র সন্তান রয়েছে।
অভিযুক্ত হাসান (৩০) বরগুনার পাথরঘাটা থানার লেমুয়া গ্রামের জাকির হোসেনের ছেলে। তিনি প্রায়ই মারুফার বাসায় যাতায়াত করতেন।
নিহতের শিশু পুত্র ফাহিম জানায়, গতকাল হাসান চাচ্চু বাসায় এসেছিল। তিনি আম্মুর সাথে মারামারি করে আম্মুর মোবাইল নিয়ে চলে গেছে।
প্রতিবেশীরা জানান, তারা সকালে উঠে কাজে চলে যান। ফিরে এসেও দেখেন মারুফা ঘুম থেকে উঠেনি। পরে ঘরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাচিব শিকদার জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হাসানকে আটকের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
