মোশতাক আহমেদ শাওন, নারায়ণগঞ্জ , ( ১৮ এপ্রিল ) : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ী আলমগীর হোসেনের কাছ থেকে ২লাখ ৯০হাজার টাকা ভর্তি ব্যাগ লুটে নিয়েছে মোটরসাইকেল আরোহী তিন ছিনতাইকারী। রোববার দুপুরে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের গেইটের সামনে এ ঘটনা ঘটে। আলমগীর হোসেন ফতুল্লার বক্তাবলী প্রতাবনগর সিপাহীপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে। নিজ এলাকায় ইটখোলা থেকে ইট ক্রয় করে তা খুচরা বিক্রি করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ইট ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, ফতুল্লার পঞ্চবটি ইসলামী ব্যাংক শাখা থেকে ২লাখ ৯০হাজার টাকা উত্তোলন করে রিকশাযোগে বক্তাবলী বাড়ি ফিরছিলেন। পথে এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সামনে একটি মোটরসাইকেল যোগে আসা তিন যুবক তার পথরোধ করে। পরে ছিনতাইকারীরা মাথায় ঘুষি মারে আর দুইজন পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে দ্রুত পঞ্চবটির দিকে চলে যায়।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ছিনতাইয়ের সত্যতা পাওয়া গেছে। ছিনতাইকারীদের সনাক্ত করে ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
দিয়া ইসলাম / ৩৬
