স্টাফ রিপোর্টার, ২৪ জুলাই, ২০২৫(বিবিনিউজ): বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে জি-টু-জি (সরকার থেকে সরকার) পদ্ধতিতে দুই লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৮১৭ কোটি ৫৭ লাখ ৬৩ হাজার ৭৫০ টাকা। অন্যদিকে দেশে সারের চাহিদা মেটাতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে রাশিয়া, কানাডা ও মরক্কো থেকে এক লাখ ৪০ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৮৯২ কোটি ৪৩ লাখ ৭৬ হাজার টাকা।
বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়—সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
এর ফলে যুক্তরাষ্ট্রের হুইট অ্যাসোসিয়েশন কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠান অ্যাগ্রোক্রপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড থেকে ৮১৭ কোটি ৫৭ লাখ ৬৩ হাজার ৭৫০ টাকা ব্যয়ে দুই লাখ ২০ হাজার টন গম আমদানি করা হবে। প্রতি মেট্রিক টন গমের দাম পড়বে ৩০২ দশমিক ৭৫ মার্কিন ডলার।
যুক্তরাষ্ট্র থেকে গম কেনার পেছনে যুক্তি তুলে ধরে খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, গত ৩০ জুন বাণিজ্য সচিবের পক্ষ থেকে খাদ্য সচিব বরাবর একটি চিঠি পাঠানো হয়। এতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশি পণ্যের ওপর বিদ্যমান ১৫ দশমিক ৫ শতাংশ শুল্কের সঙ্গে আমদানির ওপর আরও ৩৭ শতাংশ পারস্পরিক শুল্ক আরোপ করা হলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে। যুক্তরাষ্ট্র থেকে অধিক পণ্য আমদানির মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
অন্যদিকে রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৩০ টন এমওপি সার আমদানির প্রস্তাব নিয়ে আসে কৃষি মন্ত্রণালয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা অনুমোদন দিয়েছে। এই সার আমদানিতে মোট ব্যয় হবে ১২৯ কোটি ৫৯ লাখ ৮০ হাজার ৫০০ টাকা। প্রতি মেট্রিক টন এমওপি সারের দাম ধরা হয়েছে ৩৫১ দশমিক ৫০ মার্কিন ডলার।
বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবে রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কোর ওসিপি ইন্টারন্যাশনাল এবং বিএডিসির মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৩০ হাজার টন টিএসপি সার আমদানির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। এই সার আমদানিতে মোট ব্যয় হবে ২১১ কোটি ৮১ লাখ ৮১ হাজার ৫০০ টাকা। প্রতি মেট্রিক টন টিএসপি সারের দাম ধরা হয়েছে ৫৭৪ দশমিক ৫০ মার্কিন ডলার।
মরক্কোর একই প্রতিষ্ঠান থেকে কৃষি মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের প্রেক্ষিতে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। এই সারও রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় আমদানি করা হবে। এতে মোট ব্যয় হবে ৩৭৮ কোটি ২২ লাখ ৪০ হাজার টাকা। প্রতি মেট্রিক টন ডিএপি সারের দাম ধরা হয়েছে ৭৭০ মার্কিট ডলার।
এ ছাড়া বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের প্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন ও বিএডিসির মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৪০ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এই এমওপি সার আমদানিতে মোট ব্যয় হবে ১৭২ কোটি ৭৯ লাখ ৭৪ হাজার টাকা। প্রতি মেট্রিক টনের দাম ধরা হয়েছে ৩৫১ দশমিক ৫০ মার্কিন ডলার।
