২৩ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) :নেই ইজারা, প্রজ্ঞাপন জারি করে নদীতে নৌ চলাচলেও রয়েছে নিষেধাজ্ঞা। এতো কিছুর পরেও থামছে না ইজারাবিহীন ধোপাজান নদীতে বালু-পাথর লুটপাট। নদীর প্রবেশমুখে বাঁশের আড় (বেড়া) দিয়ে ডাকঢোল পিটিয়ে বালুখেকোদের নৌ-যান প্রবেশ ঠেকানোর চেষ্টাও কাজে আসছে না। স্থানীয়দের দাবি সরকার চাইলে সবই পারে, এখানে চেষ্টার অভাব আছে। আর এভাবেই প্রতিদিন শত শত কোটি টাকার বালু-পাথর লুটপাট হচ্ছে।
নদীর প্রবেশমুখেই আছে বাঁশের বেড়া, আছে পুলিশের চেকপোস্টও। সেখানে কয়েকজন ডিবি পুলিশের উপস্থিতিও রয়েছে। তাদের সামনেই শতশত বাল্কহেড বুঝাই হয়ে যাচ্ছে কোটি কোটি টাকার বালু-পাথর নিয়ে।এমন পরিবেশে জনবলের অসহায়ত্বের কথা জানালেন টহলরত ডিবি পুলিশের এক কর্মকর্তা।তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের যোগসাজসেই চলছে হরিরলুট।
নদীর উৎসমুখে গিয়ে দেখা যায় আরও ভয়াবহ চিত্র। হাজার হাজার নৌকা দিয়ে লুট করা হচ্ছে বালুপাথর। পরিবেশ বিধ্বংশী ড্রেজার মেশিনের তা-বে কাঁপচে আশপাশের ভূমি, কাটা হচ্ছে পাড়।
জেলা প্রশাসক ও পরিবেশ উপদেষ্টার কাছে চিঠি দিয়েও থামানো যাচ্ছে না এই তা-ব, দাবি পরিবেশ কর্মীদের।
পুলিশ সুপার জানালেন, বাঁশের বেড়া দিয়েও অবৈধ কার্যক্রম বন্ধ করা যাচ্ছে না। তারা আরও কঠোর হবেন জানিয়ে পুলিশের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বিকার করেন তিনি।
ধোপাজান-চলতি নদী থেকে বালু-পাথর উত্তোলন বন্ধ করতে নিজের আন্তরিকতার কথা জানালেন জেলা প্রশাসক। একইসঙ্গে ওখানে সরকারি বিভিন্ন কর্তৃপক্ষের টোল আদায়ও বে-আইনি বললেন তিনি।পরিবেশ বিধ্বংসি ড্রেজার মেশিন ও ইজারাবিহীন নদীতে লুটপাট বন্ধে সরকারের কার্যকরী উদ্যোগের প্রত্যাশা করেন এলাকাবাসি।
