ঢাকা-আরিচা মহাসড়ক পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে

স্টাফ রিপোর্টার,৮ আগস্ট ২০২২(বিবিনিউজ):ঢাকার সাভার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। কোনো রকম নিয়ম-নীতির তোয়াক্কা না করে যত্রতত্র ময়লা ফেলার কারণে মহাসড়কের দুই ধার হয়ে উঠেছে আবর্জনার পাহাড়। এসব কারণে একদিকে যেমন পরিবেশ দূষণ ঘটছে, অন্যদিকে স্থানীয় বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী এবং পথচারীরাও রয়েছেন চরম বেকায়দায়। দ্রুত এই সমস্যার সমাধান না হলে অনেকে নানাভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এলাকাবাসী জানায়, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এক শ্রেণীর লোকজন রাতের আঁধারে প্রতিদিন শতো শতো টন ময়লা-আবর্জনা ট্রাকে-ভ্যানে করে ফেলছে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায়। বিভিন্ন কল কারখানা হোটেল ও বাসা বাড়ির এসব ময়লা এনে ফেলা হচ্ছে এখানে। ময়লার পচা দুর্গন্ধে পথচারীদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এ অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হলেও ময়লা-আবর্জনা সরানোর কোনো পদক্ষেপ নিচ্ছে না কেউ। ময়লার দুর্গন্ধে বাড়ি ঘরে টিকতে পারছে অনেকেই নানান রোগে ভুগছেন অনেক মানুষ। সামান্য বৃষ্টিতে ময়লা পিচ্ছিল হয়ে ঘটছে সড়ক দুর্ঘটনা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রতিদিন সকালে ও রাতে বিভিন্ন বাসা বাড়ির লোকজন বিভিন্ন এলাকা মার্কেট ও মহল্লা থেকে এসব ময়লা-আবর্জনা এনে ঢাকা আচিরা মহাসড়কের জোরপুল এলাকায় ফেলছে। এছাড়া একই মহাসড়কের ব্যাংক টাউন ব্রীজের গোড়ায়, গেন্ডা, পাকিজা, রেডিও কলোনি, সিএনবি এলাকায় মহাসড়কের ওপর ফেলা হচ্ছে ময়লা।

এ ছাড়াও বিরুলিয়া রোডের আইচানোয়াদ্দা ব্রীজের গোড়ার দু’পাশসহ পৌর এলাকার ভেতরের আরো বিভিন্ন সড়কের পাশে এসব আবর্জনা ফেলা হচ্ছে। ফলে ওইসব এলাকাসহ মহাসড়কের উপরে এসব ময়লা-আবর্জনার স্তুপ থেকে পচা দুর্গন্ধে চরম দুর্ভোগ পোহাচ্ছেন পথচারীসহ বিভিন্ন যানবাহনে চলাচলরত যাত্রী এবং এসব এলাকার বসবাসকারীরা ও গার্মেন্টস শ্রমিকরা। প্রতিদিন যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার কারণে সড়কে চলাচল করতে অনেক সমস্যা হয় এলাকাবাসীর। গাড়ি দিয়ে চলাচল করতে হলেও নাক, মুখ চেপে রাখতে হয়। এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে এলাকাবাসী।

সরেজমিনে ময়লার স্তুপ পরিদর্শন করে মহাসড়ক থেকে অচিরেই ময়লা সরানো হবে বলে জানিয়েছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। তিনি বলেন, নতুন করে কেউ মহাসড়কে ময়লা ফেললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এদিকে এবার মহাসড়কে যারা ময়লা ফেলবে তাদের বিরুদ্ধে সাভার হাইওয়ে পুলিশও ব্যবস্থা নেয়ার অঙ্গিকার করেছেন।

এছাড়া নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার চক্রবর্তী এলাকায়ও মহাসড়কের দুই ধারে ময়লা ফেলা হচ্ছে। ঢাকা আরিচা মহাসড়কের দুই পাশ থেকে কর্তৃপক্ষ শিগগিরই ময়লা সরিয়ে নেবে, এমনটাই আশা করেন সাভারবাসী।

Related posts

Leave a Comment