গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা


স্টাফ রিপোর্টার,৬ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): গণ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন, প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক মুর্ত্তজা আলী বাবু ও আশুলিয়া সাব রেজিট্রি অফিসের দলিল লেখক সরোয়ার হোসেন এর বিরুদ্ধে ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে গণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতারনার মাধ্যমে ৭৩ লক্ষ ৬৪ হাজার ৩৮১ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে।

রোববার (০৫ সেপ্টেম্বর)) গণ বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ আনোয়ার হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, গত ২/৩ বছর যাবত জমি ক্রয় কমিটির সদস্য প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক মুর্ত্তজা আলী বাবু ও প্রাক্তন রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন এবং এদের অসৎ কাজের সহযোগী দলিল লেখক সরোয়ার হোসেন মিলে এ পর্যন্ত গণ বিশ্ববিদ্যালয়ের নামে প্রায় ১২২৫ শতাংশ জমি ক্রয় করেন। এই জমি ক্রয়ে সরকারী মূল্য পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করা হয়। আবার একই উদ্দেশ্যে উক্ত দলিল লেখকের সহযোগিতায় একই পরিমাণ অর্থ গণ বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে ভুয়া ভাউসার করে তুলে নিয়েছেন। যার পরিমাণ ৬৭ লক্ষ ৬৬ হাজার ৩৮১ টাকা। এর অতিরিক্ত অন্যান্য কারণ দেখিয়ে ভুয়া ভাউসার করে আরো ৫ লক্ষ ৯৮ হাজার টাকা আত্মসাত করেছেন।

এছাড়াও অনেক জমি বিক্রেতার কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে, তারা জমির মূল্য বেশী দেখিয়ে অতিরিক্ত টাকাও তারা আত্মসাত করেছেন। যার কোন হিসাব করা যাচ্ছে না। পুরো বিষয়টি গণ বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্যায়ের কমিটি কর্তৃক তদন্ত করে প্রতিবেদন দাখিল করলে ট্রাস্টি বোর্ড মামলা করার সিদ্ধান্ত প্রদান করে। তদন্ত প্রতিবেদন পাওযার পরে উক্ত ব্যক্তিদেরকে টাকা ফেরত দেয়ার নোটিশ প্রদান করলে তারা তা প্রদান করতে অস্বীকার করেন। কোর্টে মামলাট দাখিল করেন ব্যারিস্টার শিহাবউদ্দিন খান। তার সহকারী ছিলেন এডভোকেট মাহফুজুর রহমান।

এ ব্যাপারে ব্যারিস্টার শিহাবউদ্দিন খানের সঙ্গে আলাপ করলে তিনি প্রতারণার অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের পক্ষে মামলা দায়েরের বিষয়টি সঠিক বলে নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, এজাহারে অভিযুক্তরা প্রতারণার আশ্রয় নিয়ে জমি রেস্ট্রিজি ফী বাবদ গণ বিশ্ববিদ্যালয় থেকে দু’বার টাকা নিয়েছে। যা ফৌজদারী অপরাধের সামিল। এ ঘটনায় বিজ্ঞ আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

Related posts

Leave a Comment