২৮ মার্চ ,২০১৯(বিবিনিউজ): রাজধানীর বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে সবাইকে রক্ষা করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া চেয়েছেন ক্রিকেটার রুবেল হোসেন।
আজ বৃহস্পতিবার দুপুর ২টা ১২ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে একটি স্ট্যাটাস দেন জাতীয় দলের পেসার। রুবেল লিখেছেন, ঢাকা বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড। আটকা পড়েছে অনেক মানুষ। হে মহান আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো। আমিন।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে এফআর টাওয়ারের ৯ তলায় আগুন লাগে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত একজন নিহত ও বেশ কয়েকজন হতাহতের কথা জানা গেছে।
এ ঘটনায় যান চলাচল বন্ধ রয়েছে গুলশান-২ থেকে কামাল আতাতুর্ক সড়ক পর্যন্ত। বিকেল ৩টার দিকে কুর্মিটোলা হাসপাতালে জরুরি বিভাগ থেকে জানানো হয়েছে, তাদের কাছে বনানীর আগুনে নিহত একজন পুরুষের লাশ এসেছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় চারিদিক থেকে উৎসুক জনতা এসে ভিড় জমিয়েছেন ঘটনাস্থলে। এ কারণে ফায়ার সার্ভিস কর্মীদের উদ্ধারকাজ বিঘ্নিত হচ্ছে। টাওয়ারের নিচে জমা জনতাকে সরিয়ে দিচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে আশপাশের সড়ক।
এ বিষয়ে বনানী থানার ডিউটি অফিসার রকিবুল জানান, আগুনের কারণে নতুন বাজার থেকে গুলশান-২ হয়ে বনানী এবং কাকলি থেকে বানানী পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। উদ্ধার অভিযানে যেন কোনো বিঘ্ন না ঘটে সে কারণেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
জানা গেছে, ভবনটিতে দ্যা ওয়েভ গ্রুপ, হেরিটেজ এয়ার এক্সপ্রেস, আমরা টেকনোলজিস লিমিটেড ছাড়াও অর্ধশতাধিক অফিস রয়েছে।
