২৮ মার্চ ,২০১৯(বিবিনিউজ): রাজধানীর বনানীতে অগ্নিকাণ্ডের ঘটনা সার্বক্ষণিক মনিটরিং করে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, ‘বনানীতে অগ্নিকাণ্ডের ঘটনা সার্বক্ষনিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্বয়ং অগ্নিকাণ্ডের ঘটনা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।
বনানীর বহুতল ভবন এফ আর টাওয়ারে ভয়াবহ আগুন লাগার ঘটনায় এ পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগুনে কমপক্ষে ২৮ জন আহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ। এর মধ্যে একজন শ্রীলঙ্কার নাগরিক।
নিহতরা হলেন- পারভেজ সাজ্জাদ (৪৭), আমেনা ইয়াসমিন (৪০), মামুন (৩৬), আব্দুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর (৬৬), মনির (৫০) ও শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র।
অগ্নিকাণ্ডের ঘটনায় স্থাপিত বনানী থানার কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আমেনা মারা গেছেন অ্যাপোলো হাসপাতালে। পারভেজ সাজ্জাদ বনানী ক্লিনিকে, নিরস চন্দ্র কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং মামুন, মাকসুদুর ও মনির ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আবদুল্লাহ আল ফারুক।
আহতদের অধিকাংশকেই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নিহত চার জনের মধ্যে তিনজনের মরদেহ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। ওই হাসপাতালেই আহত অবস্থায় ভর্তি হয়েছেন আরও ১৯ জন।
বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে রাজধানীর বনানীর এফআর টাওয়ারের আট ও নয়তলায় আগুন লাগে। এতে ওই ভবনে আটকা পড়েন বহু মানুষ।
প্রাথমিকভাবে ধারণা করে বলা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লেগেছে।
