ডেস্ক রিপোর্ট: দলের কাউন্সিলরদের আগামী নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে শেখ হাসিনা বলেছেন, সামনে নির্বাচন, জনগণের কাছে যেতে হবে। তাদের সামনে উন্নয়নের বিষয় তুলে ধরতে হবে। দলকে আবার ক্ষমতায় আনতে হবে। রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলের দ্বিতীয় দিনে প্রথম অধিবেশনে সূচনা বক্তব্যে শেখ হাসিনা এ আহবান জানান।
শেখ হাসিনা বলেন, তৃতীয় দফা নির্বাচনে জয়লাভ করতে হলে জনগণের দোরগোড়ায় যেতে হবে। উন্নয়নের কথা বলতে হবে। আর সেজন্য গত সাত বছরে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের চিত্র মানুষের কাছে তুলে ধরতে হবে। ব্যাপক প্রচার করতে হবে। জনগণকে বোঝাতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন হবে।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ আমার পরিবার। আওয়ামী লীগ আমার আপনজন। আমার সন্তানদের এতো সময় দেই নাই আওয়ামী লীগকে যত সময় দিয়েছি।
দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে সঙ্গে নিয়ে সকাল ৯টা ৪০ মিনিটে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশনের কাজ শুরু করেন শেখ হাসিনা। ছয় হাজার ৫৭০ জন কাউন্সিল এ অধিবেশনে অংশ নিচ্ছেন।
মিতু/বিবি নিউজ/৩৪
