রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুরে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্মিত এই কারাগারের উদ্বোধন করেন।
নবনির্মিত এ কারাগারে এক সঙ্গে প্রায় ৪ হাজার ৫৯০ জন পুরুষ বন্দি রাখা যাবে। পুরুষ কারাগারটির পাশে নতুন একটি নারী কারাগার নির্মাণাধীন রয়েছে। সেটি নির্মাণ শেষ হলে ২৭০ নারী বন্দি থাকতে পারবেন।
জানা যায়, প্রায় সোয়া ২০০ বছরের ঐতিহ্য ভেঙে ঢাকার নাজিমউদ্দিন রোড থেকে কেরানীগঞ্জে স্থানান্তরিত করা হচ্ছে কেন্দ্রীয় কারাগারটি। একই সঙ্গে বদলে গেছে কারা স্থাপনার লাল রঙ।
বর্তমানে পুরান ঢাকার নাজিমউদ্দীন রোডে স্থাপিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নতুন কারাগারের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার।
এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারটি এখানে স্থানান্তরিত হবে। ৪ হাজার ৫৯০ জনের ধারণক্ষমতার এই কারাগারে প্রায় ৮ হাজার বন্দি রাখা হবে। নারী কারাগারটির নির্মাণ কাজ এখনো শেষ না হওয়ায় তাদেরকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে সরিয়ে নেওয়া হবে।
কারাগারটির কাজ শেষ হওয়ার পর তাদের ফিরিয়ে আনা হবে। এই কারাগারে একই ধারণক্ষমতা সম্পন্ন আরো একটি পুরুষ কারাগার নির্মাণ করা হবে।
দিয়া ইসলাম / ৬১৫
