আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ খাদ্যে যেভাবে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে অচীরেই বিদ্যুৎ উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে।
২০১৯ সালের আগেই দেশ মধ্যম আয়ের দেশে পরিনিত হবে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশ ইতোমধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে খাদ্য রপ্তানীর দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে এবং অচীরেই দেশ বিদুৎ উৎপাদনের ক্ষেত্রেও স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে।’
২০২১ সালের মধ্যে দেশের বিদ্যুতের উৎপাদন ২৪ হাজার মেগাওয়াটে দাড়াবে উল্লেখ করে তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়িত হচ্ছে।
ইঞ্জনিয়ার মোশাররফ হোসেন সোমবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের উদ্যোগে ‘ চেতনায় বঙ্গবন্ধু:স্বপ্ন সমৃদ্ধ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ সমর্থিত নব নির্বাচিত নেতৃবৃন্দের সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সংগঠনের প্রধান উপদেষ্টা এবং সরকারী হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মহিউদ্দীন খান আলমগীর এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি, খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এমপি, বিঞ্জাণ ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন(অব.) এবি তাজুল ইসলাম এমপি।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোল্লা মো. আবু কাওছার, আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদ, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি এ কে এম আব্দুল মোতালেব ও সাধারণ সম্পাদক আব্দুল হক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন।
শাজাহান খান বলেন, পাকিস্তান পরাজয়ের গ্লানি সহ্য করতে না পারার জন্য দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে।
তিনি বলেন, পাকিস্তান আমাদের জন্য বিষাক্ত সাপের চেয়েও ভয়ঙ্কর। মুক্তিযুদ্ধের মতো তাদের আরো একটি শিক্ষা দিতে হবে।
এডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস ও জঙ্গীবাদী তৎপরতা স্বত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবেই। কোন অপশক্তিই দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না।
শেখ হাসিনার নেতৃত্বে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : গণপূর্ত মন্ত্রী
