দেশের প্রতিটি গ্রামে বায়োগ্যাস প্লান্ট গড়ে তোলার ঘোষণা : ক্রীড়া প্রতিমন্ত্রীর

ষ্টাফ রিপোর্টার, ২১ নভম্বের ২০২৬ (বিবিনিউজ): দেশের প্রতিটি গ্রামে বায়োগ্যাস প্লান্ট গড়ে তোলার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জ্বালানি সংকট মোকাবিলায় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সক্রিয় তত্ত্বাবধানে এ উদ্যোগ বাস্তবায়নের কথা জানান তিনি। আজ ঢাকার সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে সারাদেশের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন প্রতিমন্ত্রী।


তিনি বলেন, ইতোমধ্যে ১২ হাজার বায়োগ্যাস সংযোগ দেওয়া হয়েছে। এ কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। পাশাপাশি বায়োগ্যাস উৎপাদন ও বিক্রির মাধ্যমে যুবকদের স্বাবলম্বী করতে প্রয়োজনীয় ঋণ কার্যক্রম সহজ করা হবে। এছাড়া মাঠ পর্যায়ের কর্মকর্তাদের যুব উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনতে আগামী চার বছরের কর্মপরিকল্পনা, যুব কাউন্সিল গঠন এবং প্রশিক্ষণে নতুন ট্রেড সংযোজনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি মাসে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে কাজের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট সংগ্রহ করা হবে এবং কর্মদক্ষতা মূল্যায়েনের ভিত্তিতে সেরা কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে। এছাড়াও সারা দেশের যুব সমাজ ও যুব সংগঠকদের একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করতে দ্রুততম সময়ের মধ্যে ‘যুব কাউন্সিল’ গঠন করা হবে বলে তিনি জানান। কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে প্রতি চার মাস পর পর এ ধরনের মতবিনিময় সভা আয়োাজন এবং সকল কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি।


উক্ত সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোতাহের হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ মাহফুজুল আলম খান ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোতাহার হোসেন প্রমূখ ।
বৈশ্বিক জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস প্ল্যান্টকে একটি কার্যকর সমাধান হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জানান, যুব উন্নয়ন কর্মকর্তাদের সক্রিয় তত্ত্বাবধানে দেশের প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ে তোলা হবে, যেখানে ইতিমধ্যে ১২ হাজার সংযোগ প্রদান করা হয়েছে। এর মাধ্যমে পরিবারগুলো নিজেদের জ্বালানি চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিক ভাবে গ্যাস বিক্রয় করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে। এই উদ্যোগকে সফল করতে যুবকদের মাঝে প্রয়োজনীয় ঋণ বিতরণ প্রক্রিয়া আরও সহজীকরণ করা হবে এবং প্রয়োজনে ঋণের পরিমাণও বৃদ্ধি করা হবে।
সভায় আরও অধিক সংখ্যক বেকার যুবককে প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করা, তৃণমূল পর্যায়ের যুব সংগঠকদের আরও সক্রিয় করা এবং বর্তমান সময়ের চাহিদার সাথে তাল মিলিয়ে প্রশিক্ষণ মডিউলে নতুন নতুন ট্রেড যুক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সারাদেশের সকল উপজেলা,জেলা,বিভাগীয় এবং অধিদপ্তরের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment