ষ্টাফ রিপোর্টার,১০ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আজ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম উভয় দলের শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বলেন, আমি দু’টি বিভাগ ও শিক্ষার্থীদের সাথেই ওতপ্রোত ভাবে জড়িত। প্রতিযোগিতায় খেলোয়াগণ শৃঙ্খলার সাথে ভালো খেলা উপহার দেবে এবং সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের খেলাধূলাকে এগিয়ে নিয়ে যাবে বলে উপ-উপাচার্য (প্রশাসন) আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, শারীরিক শিক্ষা অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) বেগম নাছরীন এবং অংশগ্রহণকারী বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, জাকসু ভিপি এবং কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগ ট্রাইব্রেকারে ৪-৩ গোলে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগকে হারিয়ে জয়লাভ করে। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল।
