সাভারে রেইজ প্রকল্পের সাসের মাধ্যমে ‘চাকুরি মেলায়’ ১৫৮ তারুণ-তরুণীর কর্মসংস্থান


শেখ এ কে আজাদ,২৮ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : বেকারত্ব দূরীকরণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের লক্ষ্যে ঢাকার সাভারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘চাকুরি মেলা ২০২৬’। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ‘রাইজ’ প্রকল্পের আওতায় সোশ্যাল আপলিফ্টমেন্ট সোসাইটি (সাস)-এর উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল থেকে সাভারের থানা রোডস্থ বাগানবাড়ী রেস্টুরেন্টে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় প্রায় ৩৬৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ ও তরুণী অংশ নেন। এর মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে তাৎক্ষণিকভাবে ১৫৮ জন প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ ও তরুণীর চাকরি নিশ্চিত করা হয়, যা চাকরি প্রত্যাশী এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করেছে।


সাস-এর কার্যনির্বাহী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) জাবের মোঃ সোয়াইব (উপসচিব)। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পিকেএসএফ-এর মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও রাইজ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাস-এর নির্বাহী পরিচালক আলহাজ্ব হামিদা বেগম, রাইজ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপ-পরিচালক মনজুর মোর্শেদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের সমন্বয়কারী বাবুল মোড়ল। মেলায় বিভিন্ন প্রশিক্ষণার্থী, চাকরি প্রত্যাশী ও উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং অতিথিবৃন্দ তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন।


বক্তারা বলেন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। রাইজ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের জন্য চাকুরি মেলার আয়োজন তাদের কর্মজীবনে প্রবেশের একটি বাস্তবসম্মত উদ্যোগ। দেশের অনানুষ্ঠানিক খাতের তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আয়োজকরা জানান, রাইজ প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত ২ হাজার ১৫১ জনকে আউটরিচ কার্যক্রমের আওতায় আনা হয়েছে। এর মধ্যে ১ হাজার ২৫১ জন তরুণ উদ্যোক্তাকে ঋণ ও প্রশিক্ষণ, ৩০০ জন কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাকে পুনরুদ্ধার সহায়তা এবং ৮০০ জনকে কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণ, ব্যবসা উন্নয়ন ও ঋণ সহায়তার মাধ্যমে তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। মেলায় অংশগ্রহণকারী তরুণরা এমন উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন।

Related posts

Leave a Comment