ধামরাইয়ে আবাসিক গ্যাসের পর্যাপ্ত সরবরাহের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

ষ্টাফ রিপোর্টার,৬ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : ঢাকার ধামরাইয়ে আবাসিক গ্যাসের পর্যাপ্ত সরবরাহের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার দুপুরে কালামপুর এলাকায় কয়েক ঘণ্টার এ কর্মসূচিতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, প্রায় দুই বছর ধরে গোয়ালদী, বাটুলিয়া, মহিশাষী, কাওয়ালীপাড়া থেকে সাটুরিয়া পর্যন্ত আবাসিক গ্রাহকেরা পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না। সংযোগ থাকলেও অধিকাংশ সময় চুলায় আগুন জ্বলে না, অথচ নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে। তাদের দাবি, গ্যাসের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে হবে, গ্যাস না পাওয়া সময়ের বিল মওকুফ করতে হবে এবং আবাসিক সংযোগে মিটার স্থাপন করতে হবে।
পরে ঘটনাস্থলে গিয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে দুপুরের দিকে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Related posts

Leave a Comment