সাভারে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার,১৯ মে, ২০২৬ (বিবিনিউজ) : ‘ছোট উদ্যোগে মানব সক্ষমতার বিকাশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশ-২০২৬। আজ মঙ্গলবার সকালে ঢাকার সাভার উপজেলা মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা পিদিম ফাউন্ডেশনের উদ্যোগে এবং পল্লীী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থ ও কারিগরি সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়।


অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা-১৯ সাভার ও আশুলিয়া আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। পিদিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এডভিন বরুণ ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনএবং বক্তব্য রাখেন সাভার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান। এছাড়াও পিকেএসএফ ও পিদিম ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

আয়োজকরা জানান, পিকেএসএফ-এর ‘রেইজ প্রকল্পের’ আওতায় তরুণ ও বেকার যুবকদের স্বাবলম্বী করতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আয়োজিত এই চাকরি মেলায় ওয়ালটন, সিঙ্গার বাংলাদেশ, পারটেক্স গ্রুপসহ নামী-দামী ৮টি চাকরিদাতা প্রতিষ্ঠান অংশ নেয়। দিনব্যাপী এই আয়োজনে চাকরি প্রার্থীরা সরাসরি স্টলগুলোতে তাদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার পাশাপাশি তাৎক্ষণিক ইন্টারভিউ বা সাক্ষাৎকারের সুযোগ পান। এছাড়া মেলায় তরুণ উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন খাবার ও পণ্য প্রদর্শন ও বিক্রি করা হয়।


বক্তারা বলেন, কারিগরি ও জীবনমুখী শিক্ষা গ্রহণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার কোনো বিকল্প নেই। এই মেলার মাধ্যমে চাকরিপ্রার্থী ও চাকরিদাতার মধ্যে একটি সরাসরি সংযোগ তৈরি হয়েছে, যা এলাকার বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেষে সাভারে চাকরি মেলায় বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন প্রধান অতিথি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এমপিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

Related posts

Leave a Comment