স্টাফ রিপোর্টার,২৪ এপ্রিল, ২০২৪ (বিবিনিউজ ) : আজ সাভারে ধসে পড়া রানা প্লাজা ট্র্যাজেডির ১১ বছর পূর্তি। এ উপলক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার বাজার বাসষ্ট্যান্ডে ধসে পড়া রানা প্লাজার সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করেন রানা প্লাজার নিহত শ্রমিকদের পরিবার ও আহতরা। এসময় তাদের সাথে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে যোগদেন বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতাকর্মীরাও। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে তারা রানা প্লাজার সামনে অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়াও শিল্প পুলিশের পক্ষ থেকে অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় তারা বলেন, রানা প্লাজা ট্রাজেডির ১১ বছরেও দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা হয়নি। আমাদের দাবি ২৪ এপ্রিলকে শোক দিবস ঘোষণা করতে হবে। পাশাপাশি হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ, সুচিকিৎসা, পুর্ণবাসন,স্মৃতিস্বম্ভ নির্মাণ এবং রানাসহ সব দায়ী ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও নিরাপদ কর্মস্থল প্রদানের দাবি জানান সরকারের কাছে।
এর আগে গতকাল সন্ধ্যায় রানা প্লাজা ট্রাজেডির ১১ বছরপুর্তি উপলক্ষে রানা প্লাজার সামনে হতাহত শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেন শ্রমিকসহ সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে রানা প্লাজার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সাভারে রানা প্লাজা ট্র্যাজেডির ১১ বছর পূর্তি আজ
