সাভারের আশুলিয়ায় মহাসড়কে ডাকাতিকালে ৩ জনকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার,১০ অক্টোবর,২০২২(বিবিনিউজ) :সাভারের আশুলিয়ায় মহাসড়কে চলন্ত প্রাইভেটকারে ঢিল ছুড়ে গতিরোধ করে ডাকাতিকালে ৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশি অস্ত্র জব্দ করা হয়।
আজ ভোরে নবীনগর-চন্দ্র মহাড়কের আশুলিয়ার কবিরপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানার এস আই নাছির উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
আটককৃতরা হলেন-দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার মনোহরা গ্রামের মৃত আব্দুল লতিফ চৌধুরীর ছেলে ইমরুল হাসান ইমন (২২), সিরাজগঞ্জ জেলার সদর থানার পাঁচ ঠাকুরি গ্রামের সফিকুল ইসলামের ছেলে রাসেল ইসলাম (২২) ও লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার গুটিমারা গ্রামের আবদুস সালামের ছেলে প্রিন্স (২৭)। বর্তমানে তারা গাজীপুরের কালিয়াকৈর থানার বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিলেন।
পুলিশ জানায়, এরা মূলত আশুলিয়ার কবিরপুরে বেতারের জঙ্গল ঘিরে গড়ে ওঠা অপরাধী চক্র। বিভিন্ন সময় চলন্ত গাড়িতে ইট-পাথর ঢিল ছুড়ে গতিরোধ করে ছিনতাই ও ডাকাতি করে। এ ছাড়া পথচারী ব্যক্তিদেরও হামলা করে সব কিছু লুটে নেয়।
আজ ভোরে একটি প্রাইভেটকার তাদের ডাকাতির কবলে পড়ে। এ সময় খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে। এ সময় ৩ থেকে ৪ জন পালিয়ে যায়। মামলার পর তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে সকালে তাদের।
মামলা তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার এস আই জাহাঙ্গীর আলম বলেন,তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা হয়েছে। মামলার নং-৩৮। এই চক্রটি দীর্ঘদিন ধরে এই এলাকায় ছিনতাই-ডাকাতি করে আসছিল। রিমান্ডের অনুমতি পেলে জিজ্ঞাসাবাদে আরো তথ্য জানা যাবে।
প্রসঙ্গত, আশুলিয়ার কবিরপুরে ডাকাতির প্রতিবাদে স্থানীয়রা চলতি বছরে দুই দফা এই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল। অপরাধীরা ডাকাতি ও ছিনতাই করে মহাসড়কের পাশে থাকা বাংলাদেশ বেতারের অধীনস্থ জঙ্গলে পালিয়ে যেত। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে জঙ্গল পরিস্কারসহ পুলিশ টহল বাড়ানো হয়।

Related posts

Leave a Comment