স্টাফ রিপোর্টার,২৪ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): ঢাকার সাভারের আশুলিয়ায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়া করণ এলাকার ডিইপিজেডের আভান্ট গার্ডে ফ্যাশন নামে একটি তৈরি পোশাক কারখানা বিক্রি করে শ্রমিকদের বকেয়া ১৬ কোটি টাকা পরিশোধ করেছে বেপজা । ঢাকা ইপিজেড এলাকায় বেপজা কার্যালয়ে শ্রমিকদের বেতনের চেক তুলে দেন বেপজার নির্বাহী পরিচালক আব্দুস সোবাহান।
বেপজার নির্বাহী পরিচালক আব্দুস সোবাহান জানান, দীর্ঘদিন ধরে ঢাকা ইপিজেডে এভান্ট গার্ডে ফ্যাশন কোম্পানী লিমিটেড নামের একটি কারখানা চালু করেন ইন্দোনেশিয়ান। সেখানে কাজ করে আসছিলেন ১০৪৯ জন শ্রমিক। পরে কারখানার মালিক শ্রমিকদের বেতন পরিশোধ না করে বিভিন্ন অজুহাতে ২০২০ সালের মার্চে কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেন। পরে কারখানার মালিকপক্ষ গা ঢাকা দিলে বেপজা কর্তৃপক্ষ সবার সঙ্গে আলোচনা করে পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি দেয়। পরে কারখানাটি নিলামে সর্বোচ্চ হেলিকন লিমিটেড কতৃপক্ষের কাছে ৭৩ কোটি ৫০ লক্ষ পয়ষট্টি টাকায় বিক্রি করে দেন।
তিনি আরও জানান,আজ শ্রমিক কর্মকর্তাদের বেতনসহ সব কিছু পরিশোধ করা হয়েছে। দীর্ঘদিন পরে হলেও বেতন পাওয়ায় শ্রমিকরা অনেক খুশি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বেপজা কতৃপক্ষ সবসময় শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এছাড়া নতুন করে কারখানাটি যে মালিক চালু করেছে তিনি সেখানে কয়েক হাজার শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বলে জানা গেছে।
ইতিপূর্বে মেসার্স শাহিন ফ্যাশন কোম্পানী লিমিটেডের শ্রমিকদের ৩০ কোটি এবং এওয়ান বিডি কোম্পনীর শ্রমিকদের পাওনা ১৮ কোটি টাকা আনুষ্ঠানিক ভাবে প্ররিশোধ করা হয়েছে। সভায় শ্রমিক,কর্মকর্তা ও বেপজার সংশ্লিষ্ট উধ্বর্তন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
