আশুলিয়ায় পুলিশ পরিচয়ে গরু ও স্বর্ণালঙ্কার লুট

২১ অক্টোবর ২০২১(বিবিনিউজ ): ঢাকার আশুলিয়ায় ভুয়া পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে স্বামী-স্ত্রীকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ও স্বর্ণালঙ্কার লুট করেছে একদল ডাকাত। বৃহস্পতিবার ভোরে আশুলিয়ার ধলপুর এলাকায় রশিদ শিকদারের ভাড়া বাড়ির বাসিন্দা শের আলীর টিনসেড ঘরে এই ঘটনা ঘটে। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে তিনটি গরু ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী শের আলী বলেন, বুধবার রাত সাড়ে তিনটার দিকে পুলিশ পরিচয়ে ৫/৬ জনের একদল ডাকাত বাড়িতে ঢুকে। আমাকে ও আমার স্ত্রীকে রশি দিয়ে বেঁধে ফেলে। এসময় স্ত্রী চিৎকার করতে গেলে তারা গুলি করে মেরে ফেলার হুমকি দেয়। একপর্যায়ে তারা আমার স্ত্রীর গলার স্বর্ণের চেইন, কানের দুল ও তিনটি গরু লুট করে নিয়ে যায়।

তিনি জানান,আমি রশিদ শিকদারের জমি ভাড়া নিয়ে কোনরকম একটা ঘর করে পরিবার নিয়ে বাস করছি। প্রতিমাসে দুই হাজার টাকা জমির ভাড়া দিয়ে গরু পালন করে পরিবার নিয়ে চলতাম। ডাকাতি হওয়ায় আমি পরিবার নিয়ে পথে বসে গেছি। গরুগুলো ছিল আমার আয়ের একমাত্র সম্বল।

এ বিষয়ে ইউপি সদস্য মোহাম্মদ আলী পরে কথা বলবেন বলে জানান।

আশুলিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়াডের সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফ বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। ভুক্তভোগী অন্যের জায়গা ভাড়া নিয়ে গরুপালন করে পরিবার নিয়ে বাস করছে। এই গরুগুলোই ছিল তার একমাত্র সম্বল। তিনি পুলিশ প্রশাসনের কাছে এই ডাকাতির ঘটনা তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক আল-মামুন বলেন, ডাকাতি হওয়া বাড়িটি পরিদর্শন করেছি। পরবর্তীতে তাদের অভিযোগেরভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related posts

Leave a Comment