১ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ):ঢাকার ধামরাইয়ে দুইটি নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে যাচ্ছে একটি প্রভাবশালী মহল। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিন-রাতে বালু উত্তোলন করে যাচ্ছে প্রভাবশালীরা।বালু খেকোদের কাছে যেন প্রশাসন নিরুপায় হয়ে পড়েছে। প্রশাসনের কাছে ধরনা দিয়েও কোন প্রতিকার পাচ্ছে না এলাকাবাসী।
এলাকাবাসী জানায়,ধামরাইর ঐহিত্যবাহী বংশী ও গাজী খালি নদীতে অবৈধ ভাবে শতাধিক ড্রেজার মেশিন বসিয়ে দিনের পর দিন বালু উত্তোলন করে যাচ্ছেন নাহিদ মিয়া নামের এক ব্যক্তি। অবৈধ ভাবে দুটি নদী থেকে বালু উত্তোলন করার ফলে নদীর দু’পাশে বাড়ি ঘর ও ফসলী জমি নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে। এতে করে বাড়ি ঘর ও ভিটে মাটি ছাড়া হচ্ছে অনেক নিরিহ মানুষ। ভুক্তভোগী পরিবারগুলো স্থানীয় প্রশাসনকে বললেও কোন প্রতিকার পাননি। উল্টো বালু খেকোদের হুমকিতে অসহায় জীবন যাপন করছে এলাকাবাসী।এলাকাবাসী অবিলম্বে বালু তোলা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ জকি বলেন খুব দ্রুতই নদীতে অভিযান পরিচালনা করে বালু উত্তোলন বন্ধ করা হবে।
