ডেস্ক রিপোর্ট: জেনেভায় অনুষ্ঠিত আইপিইউ সম্মেলনে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহের মধ্যে নিবিড় অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বাংলাদেশ এবং থাইল্যান্ডের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের সংসদ সদস্যগণ গুরুত্বপূর্ণ আলোচনা করেন বলে সোমবার ঢাকায় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। প্রতিনিধিদলের সদস্যগণ আজ গভর্ণিং কাউন্সিলের সভায় অংশগ্রহণ করেন। সভায় আইপিইউ-এর সভাপতি এবং মহাসচিবের রিপোর্ট সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। একই সময়ে অনুষ্ঠিত ‘ফোরাম অব ইয়ং পার্লামেন্টেরিয়ান’ সভায় এম এ আঊয়াল, এমপি এবং রেজওয়ান আহমদ তৌফিক এমপি অংশগ্রহণ করেন। সম্মেলনের ‘স্ট্যান্ডিং কমিটি অন ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইট্স’ সভায় আবুল কালাম আজাদ এমপি এবং চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি অংশগ্রহণ করেন। জনাব আজাদ উক্ত সভায় বলেন, পৃথিবীর কমবেশী সকল দেশেই মানবাধিকার লংঘন হয়, যা রোধে আমাদের সকলকে যৌথভাবে কাজ করতে হবে, যেখানে মহান সংসদের ভূমিকা সবচেয়ে বেশী। আজ থাইল্যান্ডের সাথে দ্বিপক্ষীয় সভায় বাংলাদেশের পক্ষে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো: ফজলে রাব্বি মিয়া, এমপি এবং থাইল্যান্ডের পক্ষে মি. বিলাইভন সামপাটিসিরি নেতৃত্ব আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই থাইল্যান্ডের রাজার মৃত্যুতে গভীর সমবেদনা জানানো হয়। ডেপুটি স্পীকার মো: ফজলে রাব্বি মিয়া আশিয়ানভুক্ত দেশ হিসেবে উভয় দেশের সম্পর্কের ওপর অধিকতর গুরুত্ব আরোপ করেন। তিনি ১৯৭২ সালের আশিয়ানভুক্ত প্রথম দেশ হিসেবে থাইল্যান্ড কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার বিষয়ে গভীর কৃতজ্ঞতা সহকারে স্মরণ করেন। বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বাংলাদেশ-থাইল্যান্ড সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সন্ত্রাস দমনে বাংলাদেশ জিরো টলারেন্স নীতি মেনে চলছে উল্লেখ করে তিনি হলি আর্টিজেনের ঘটনায় থাই সরকার কর্তৃক দেয়া সহমর্মিতা ও সান্ত¡নার বাণী প্রদানের জন্য ধন্যবাদ জানান। তিনি বিমসটেক -এর আওতায় দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার দেশসমূহের মধ্যে নিবিড় অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতার বিষয়ে বাংলাদেশ এবং থাইল্যান্ডের ভূমিকার বিষয়টিও তুলে ধরেন। বাংলাদেশ থেকে চিকিৎসার উদ্দেশ্যে গমনকারী রোগীদের সুবিধার্থে দো-ভাষী নিয়োগের বিষয়ে থাই সরকারকে অনুরোধ জানান ডেপুটি স্পীকার। সাম্প্রতিক সময়ে কৃষি, শিক্ষা এবং স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতির বিষয়টিও আলোচনায় তুলে ধরা হয়। এছাড়া দুদেশের ভিসা সংক্রান্ত জটিলতা আরো সহজতর করার বিষয় নিয়েও উভয় দেশের সংসদ সদস্যগণ আলোচনায় তুলে ধরেন।
মিতু/বিবি নিউজ/৪৮
