টেনিস-মন্টে কার্লো : রেকর্ড নবম শিরোপা জিতলেন নাদাল

nadalপ্রায় তিন ঘন্টার লড়াইয়ে অবশেষে শেষ হাসি হেসেছেন ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল। রোববার মন্টে কার্লোর ফাইনালে গায়েল মনফিলসকে ৭-৫, ৫-৭, ৬-০ গেমে পরাজিত করে রেকর্ড নবমবারের মত শিরোপা জেতার কৃতিত্ব দেখিয়েছেন এই স্প্যানিয়ার্ড।

ক্যারিয়ারের শততম এটিপি ও মন্টে কার্লোর নবম ফাইনালে এই শিরোপা জয়ের মাধ্যমে নাদাল ২০১২ সালের পরে আবারো এই শিরোপা জিতলেন। তাই তার উচ্ছাসটা যেন একটু বেশিই ছিল। এর মাধ্যমে মাস্টার্স ১০০০ পর্যায়ে বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জকোভিচের সাথে ২৮টি শিরোপা ঘরে তুললেন নাদাল। ২০১৪ সালের মে মাসে মাদ্রিদে জয়ের পরে এটিই নাদালের প্রথম মাস্টার্স শিরোপা।
এই নিয়ে ফ্রেঞ্চ তারকা মনফিলসের বিপক্ষে নাদালের জয়ের রেকর্ড দাঁড়ালো ১২-২। প্রতিদ্বন্দ্বিতার্পূণ এই ফাইনালে নাদাল ও মনফিলস উভয় বেশ কয়েকবার আনফোর্সড এরর করেছেন। এর মধ্যে নাদাল করেছেন ৩৬টি ও মনফিলস ৫০টিরও বেশি। পুরো ম্যাচে ব্রেক পয়েন্টের সুযোগ এসেছে ৩৪টি। নাদাল ২১টির মধ্যে আটটি কাজে লাগিয়েছেন। অন্যদিকে ১৩টির মধ্যে মনফিলস নিতে পেরেছেন মাত্র ৫টি।
ম্যাচ শেষে নাদাল বলেছেন, আবারো মাস্টার্স শিরোপা জেতা সত্যিই অন্যরকম এক অনুভূতি। গত বছরটা আমার ভাল যায়নি। কিন্তু এবার আমার প্রস্তুতি অনেক ভাল। যদিও বছরের শুরুটা ভাল হয়নি। আশা করছি এই সপ্তাহটা সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।
এই নিয়ে ক্যারিয়ারে ৬৮টি শিরোপা জয় করলেন নাদাল। আগামী সপ্তাহে ঘরের মাঠে শুরু হওয়া বার্সেলোনা ওপেনেও তিনি ফেবারিট হিসেবেই কোর্টে নামবেন। আর এসব নিয়েই ফ্রেঞ্চ ওপেনের আগে পূর্ণ আত্মবিশ্বাস অর্জন করতে চান এই স্প্যানিয়ার্ড।

দিয়া ইসলাম /  ৪০

Related posts

Leave a Comment