আশুলিয়ায় অবৈধ ত্রুটিযুক্ত গ্যাস সংযোগ পাইপে দুর্ঘটনাবশত আগুন ধরে তিন পোশাক শ্রমিক অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা ও অবৈধ গ্যাস সংযোগের নায়ক মোশারফ হোসেন খানসহ অজ্ঞাত দুই’শ জনের বিরুদ্ধে মামলা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার দুপুরে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর আঞ্চলিক শাখার ম্যানেজার প্রকৌশলী সত্যজিৎ ঘোষ মামলাটি দায়ের করেন বলে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির। মামলাটিতে স্থানীয় যুবলীগ নেতা মোশারফ (৪০) ও চাঁন মিয়া (৪৫) সহ অজ্ঞাত আরো দুই’শ জনকে আসামি করা হয়। মোশারফ হোসেন দোসাইদ এলাকার হাজী সিদ্দিকুর রহমান ছেলে। চাঁন মিয়া নামের অপরজন একই এলাকার সোনাম উদ্দিন দেওয়ানের ছেলে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় যুবলীগ নেতা ও কথিত সাংবাদিক মোশারফ হোসেন ক্ষমতার জোরে রাতের আঁধারে অসংখ্য অবৈধ গ্যাস সংযোগ দিয়েছেন। সাভারের প্রভাবশালী ২সাংবাদিককে নানা সুবিধা প্রদান করে মোশারফ নানা অপকর্ম সাধিত করেছেন। ওই সাংবাদিকদের অফিসে ফ্রিজ, আধুনিক টেলিভিশনসহ নানা আর্থিক সুবিধা মোশারফ নিয়মিত প্রদান করেন। শুধু তাই নয় ওই সাংবাদিকদের অফিস খরচ বাবদ মোটা অংকের টাকা মোশারফকেই প্রতি মাসে প্রদান করতে হয়। মোশারফ স্থানীয় সাংসদ এনামুর রহমানের সাথে সখ্যতা স্থাপন করে এলাকায় নিজেকে সাংসদের আত্মীয় বলেও পরিচয় দিয়ে থাকেন। সূত্র জানায়, সাবেক সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদের আস্থাভাজন হয়েও অতীতে তার বিচরণ ছিলো মাঠে-ঘাটে। এর বিনিময়ে তিনি এসব অবৈধ গ্যাস সংযোগের গ্রহীতাদের নিকট থেকে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। নানা সময়ে স্থানীয় সাংসদ এনামুর রহমানের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন লোকজনকে ভয়ভীতি দেখানোরও অভিযোগ রয়েছে। আর চাঁন মিয়া নামের অপরজন তিতাসের ঠিকাদার পরিচয় দিয়ে অসংখ্য অবৈধ গ্যাস সংযোগের প্রদান করে রাতা-রাতি টাকার পাহাড় গড়েছেন। আর গত সোমবার রাতে আশুলিয়ার দোসাইদে সাংগু টেক্সটাইল কারখানার সামনে তাদের দেওয়া এসব অবৈধ হাজারো গ্যাস সংযোগের একটিতে ছুড়ে ফেলা সিগারেট থেকে আগুন ধরে। এতে তিন পোশাক শ্রমিক অগ্নিদগ্ধ হলে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে ভর্তি করে স্থানীয়রা। এঘটনার পরদিন তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুর্ঘটনাকবলিত স্থানে অভিযান চালিয়ে দেড়’শ ফুট অবৈধ গ্যাস সংযোগ লাইনের পাইপ জব্দ করে। একই দিন অভিযানে বিচ্ছিন্ন করা হয় প্রায় দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ। এবিষয়ে তিতাসের প্রকৌশলী সত্যজিৎ ঘোষ জানান, শুধু অবৈধ গ্যাস উচ্ছেদ করলেই সমাধান হবে না। তাই আমরা এধরনের অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহনের সিন্ধান্ত নিয়েছি।
রকসী / ৩১
