স্টাফ রিপোর্টার,২১ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ): প্রায় সাড়ে তিন হাজার প্লট রয়েছে এই মধুমতি মডেল টাউনে। যেখানকার অনেক প্লটে গড়ে উঠেছে আবাসন। সবুজে ঘেরা এই মধুমতি মডেল টাউনটি রাজধানীর খুবই কাছে সাভারের আমিনবাজারে অবস্থিত।
দুই হাজার নয় সালে সুপ্রীম কোর্ট এই হাউজিং সোসাইটিকে অবৈধ ঘোষনা করে তা উচ্ছেদের আদেশ দেয়। কিন্তু আদালতের রায়ে প্লট মালিকদের ক্ষতিপুরণ দেওয়ার আদেশও দেওয়া হয়। কিন্তু, আজ অবধি এখানকার প্লট মালিকরা পাননি ক্ষতিপুরণ। এরই মধ্যে রাজউক মধুমতি মডেল টাউন উচ্ছেদের প্রস্তৃুতি গ্রহণ করছে। যে কারণেই মধুমতির সাড়ে তিন হাজার প্লট মালিক ক্ষতিপুরণ, পুনর্বহাল ও বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ, মানববন্ধন ও সাময়িক সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে।

মানববন্ধন কর্মসূচিতে মধুমতি হাউজিং সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খান আজাদ, কর্মকর্তা রেজাউল করিম ও এম এ খানসহ অনেকেই বক্তব্য দেন। বক্তারা বলেন, সকলের ক্রয়কৃত জমি থেকে রাজউকের এই উচ্ছেদ সিদ্ধান্ত বৈষম্যমূলক।

এমন ছায়াঘেরা একটি হাউজিং প্রকল্প উচ্ছেদের মধ্য দিয়ে ক্ষতিগ্রস্থ হবে সাড়ে তিন হাজার প্লট মালিক ও তাদের পরিবারের আরো প্রায় দশ হাজার মানুষ। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে এবং পুনর্বহালের চেয়ে বর্তমান সরকারের কাছে মধুমতি মডেল টাউন প্লট মালিকেরা জোর দাবি করেছেন।
