ঢাকার ধামরাইয়ে টমেটোর বাম্পার ফলন

স্টাফ রিপোর্টার,১৭ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে এবার টমেটোর বাম্পার ফলন হয়েছে। ধামরাইর বিভিন্ন এলাকার চিত্র বদলে দিয়েছে জনপ্রিয় সবজি টমেটো চাষ। টমেটোর ফলন ভালো হওয়ায় কয়েক’শ কৃষক পরিবারের মুখে হাসি ফুটেছে।
ধামরাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,এবার উপজেলার বিভিন্ন গ্রামে এ বছর ব্যাপক টমেটো চাষ হয়েছে। ক্ষেতে সারি সারি গাছে এখন থোকায় থোকায় ঝুলছে কাঁচা-পাকা টমেটো। আবহাওয়া অনুকুলে থাকায় টমেটোর বাম্পার ফলন হয়েছে। বাজারে ভালো দাম এবং ন্যায্যমূল্যে টমেটো বিক্রি করতে পেরে কৃষকের মুখে ফুটেছে হাসি। বাজারে সুস্বাদু এই ফরমালিন মুক্ত টমেটো প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
বিভিন্ন গ্রামে উৎপাদিত টমেটো কেনাবেচার জন্য গ্রামে গ্রামে গড়ে উঠেছে টমেটোর মৌসুমি আড়ত। তাই টমেটো বিক্রি করতে সাধারণত পরিবহন খরচ লাগে না। কৃষক ক্ষেত থেকে টমেটো তুলে এনে আড়তে বিক্রি করছেন সহজেই। টমেটো চাষে নারী ও বেকার যুবকসহ স্কুল-কলেজের ছাত্রদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে ট্রাকযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় চলে যাচ্ছে এখানকার টমেটো।
ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন,কম খরচে টমেটো চাষ করে লাভবান হওয়ায় এ উপজেলার চাষিদের পাশে থেকে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে চলেছেন কৃষি অফিস। এছাড়া উপজেলা কৃষি অফিস থেকে এসব কৃষককে প্রশিক্ষণসহ সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

Related posts

Leave a Comment