ডেস্ক রিপোর্ট: অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) আগামী মঙ্গলবার (১ নভেম্বর) থেকে শুরু হচ্ছে। এবার পরীক্ষায় অংশ নিবে ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন। রবিাবর নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান। নুরুল ইসলাম নাহিদ বলেন, পরীক্ষা শেষ হবে আগামী ১৭ নভেম্বর। ৩০ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তিনি জানান, এ বছর বিদেশে আটটি কেন্দ্রে ৬৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। এছাড়া আটটি বোর্ডের অধীনে জেএসসিতে পরীক্ষার্থী ২০ লাখ ৩৮ হাজার ৩০৩ ও মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে পরীক্ষার্থী ৩ লাখ ৭৪ হাজার ৪৭২ জন অংশ নিবে। ২০১৫-২০১৬ সালের পরীক্ষার পরিসংখ্যাণ ও তথ্য উল্লেখ করে নাহিদ বলেন, গত বছরের চেয়ে এ বছর ৮৬ হাজার ৮৪২ জন শিক্ষার্থী বেশি। পরীক্ষার কেন্দ্র বেড়েছে ১০৭টি। শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১২৯টি। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা দিতে কেন্দ্রে থাকার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার কেন্দ্রগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করার জন্য মন্ত্রণালয় কন্ট্রোলরুম খোলা হয়েছে।
নকলমুক্ত পরীক্ষা গ্রহণ ও প্রশ্নপত্র ফাঁস হওয়া প্রতিরোধে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান নুরুল ইসলাম নাহিদ।
মিতু/বিবি নিউজ/১৪
