ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কায়ান্ত

110162_index ডেস্ক রিপোর্ট: ‘রোয়ানু’র পর আরো একটি শক্তিশালী ঘূর্ণিঝড় দেশে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে ‘কায়ান্ত’। মিয়ানমারের দেওয়া কায়ান্ত নামের ঘূর্ণিঝড়টি ২৭ অক্টোবর বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

সার্ক আবহাওয়া কেন্দ্রের বিজ্ঞানী ও আবহাওয়াবিদ আবদুল মান্নান জানান, সোমবার পর্যন্ত পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছিল। এটি বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা করা হচ্ছে। ২৭ তারিখ নাগাদ শক্তিশালী ঘূর্ণিঝড়টি দেশের উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গভীর নিম্নচাপটি এ মুহূর্তে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করলেও এটি ধীরে-ধীরে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দিকে এগিয়ে আসছে এবং উত্তর ও উত্তর-পূর্ব দিকে আরো অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। সোমবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭০৫ কিমি. দক্ষিণ, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬২০ কিমি. দক্ষিণ, মংলা সমুদ্রবন্দর থেকে ৮২০ কিমি. দণি-পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৪০ কিমি. দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। এটি আরো ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর-পূর্ব দিকেও অগ্রসর হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিমি. যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিমি. পর্যন্ত গতি পাচ্ছে। গভীর নিম্নচাপকেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত বহাল রাখতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতেও পরামর্শ দেওয়া হয়েছে।

 

মিতু/বিবি নিউজ/৪৪

Related posts

Leave a Comment