কিছুদিন আগেই বলিউডের অভিনেতা ইমরান হাশমির লেখা প্রথম বইটি প্রকাশিত হয়েছে। ক্যানসার আক্রান্ত পুত্র আরিয়ানকে সারিয়ে তুলতে এই রোগের বিরুদ্ধে তাঁদের দুজনের যুদ্ধের যে অভিজ্ঞতা; সেই কাহিনি নিয়েই এ বই।
অসুস্থ ছেলেকে নিয়ে কঠিন এক সময় পার করতে হয়েছিল ইমরানকে। তিনি জানেন এই সময়টা কী দুঃসহ। তাই এই বই থেকে যে আয় হবে, তা ক্যানসার আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য দান করবেন বলেই ঠিক করেছেন এ অভিনেতা।
২০১৪ সালে ইমরানের ছয় বছর বয়সী ছেলের ক্যানসার ধরা পড়ার পর তাঁদের পরিবারকে যে ভয়াবহ পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে, তা-ই উঠে এসেছে ‘দ্য কিস অব লাইফ: হাউ আ সুপারহিরো অ্যান্ড মাই সান ডিফিটেড ক্যানসার’ নামের এই বইটিতে। ছেলে আয়ান কীভাবে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে জয়ী হলো, সে বর্ণনাও পাওয়া যাবে এখানে।
এই বইটিতে ইমরান হাশমির সহলেখক বিলাল সিদ্দিকি। লেখক হিসেবে বইয়ের বিক্রি থেকে পাওয়া অর্থ এমন কোনো এনজিওতে দান করতে চান ইমরান, যারা ক্যানসার আক্রান্ত রোগীদের নিয়ে কাজ করে।
মাস কয়েক আগে দুজন ক্যানসার রোগীর চিকিৎসার খরচ তিনি বহন করেছিলেন। দ্য টাইমস অব ইন্ডিয়া।
দিয়া ইসলাম/ ০১
