ষ্টাফ রিপোর্টার , ২৩ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) : বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণের লক্ষ্যে সাভারের ব্র্যাক সিডিএম-এ আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় পর্যায়ের বিশেষ সংলাপ ‘ভাইস-চ্যান্সেলরস ডায়ালগ, শেপিং দ্য ফিউচার অব হায়ার এডুকেশন’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি।

উচ্চশিক্ষার মানে কোনো আপস নয় সমাপনী দিনে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র ছয় মাস পার হয়েছে। এই স্বল্প সময়ের মধ্যেই সরকার বিভিন্ন সেক্টরে বহুমুখী উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছে। উচ্চশিক্ষার মান ও উৎকর্ষের প্রশ্নে বর্তমান সরকার কোনো ধরনের আপস করতে রাজি নয়। বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের গবেষণা কেন্দ্র ও দক্ষ জনশক্তি তৈরির কারখানায় রূপান্তরিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, শিক্ষকদের ভূমিকা ও বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা বজায় রেখে একটি জবাবদিহিমূলক ও যুগোপযোগী উচ্চশিক্ষা কাঠামো গড়ে তোলা বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।

প্রযুক্তিগত পরিবর্তন ও বৈশ্বিক প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, বাংলাদেশের উচ্চশিক্ষা বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ, শ্রমবাজারের পরিবর্তিত চাহিদা এবং বৈশ্বিক প্রতিযোগিতার মতো নতুন বাস্তবতার মুখোমুখি। এ প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও উদ্ভাবনী, জবাবদিহিমূলক ও সুশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সংলাপের মূল প্রতিপাদ্য ও সুপারিশ ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় আয়োজিত এই সংলাপে দেশের প্রায় ৬৫ জন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, নীতিনির্ধারক এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। দুই দিনের এই আয়োজনে উচ্চশিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক ব্যবস্থাপনা, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিকুলাম উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে ক্রেডিট ট্রান্সফার ও ডিগ্রি স্বীকৃতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সংলাপ থেকে প্রাপ্ত সুপারিশগুলো যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে নীতিনির্ধারণী পর্যায়ে বাস্তবায়ন করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ তাঁর বক্তব্যে বলেন, এই সংলাপ উচ্চশিক্ষা খাতের অংশীজনদের মধ্যে একটি নতুন মেলবন্ধন তৈরি করেছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ মান নিশ্চয়ন ও প্রশাসনিক সংস্কারের ওপর সংলাপ থেকে উঠে আসা নির্দেশনাগুলো আগামীর উচ্চশিক্ষার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
