কোটাপদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন জাবির শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার,৭ জুলাই ২০২৪(বিবিনিউজ): সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ চার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১১টা ১০ মিনিট থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এই অবরোধ শুরু করেন তাঁরা। এ সময় সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।

একই দাবিতে গত বৃহস্পতিবার ৩৫ মিনিট ও বুধবার পৌনে ২ ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ ছাড়া গত সোমবার ১০ মিনিট ও মঙ্গলবার ২০ মিনিট সড়ক অবরোধ করেন তাঁরা।

আজ বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীরা, ‘সংবিধানের/ মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় কবর দে, কোটা প্রথার কবর দে’, ‘দালালি না রাজপথ, রাজপথ, রাজপথ’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘কোটা না মেধা, মেধা, মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার যুগ্ম আহ্বায়ক তৌহিদ সিয়াম বলেন আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। একটি কুচক্রীমহল বারবার বলার চেষ্টা করছে বা অপপ্রচার চালাচ্ছে, আন্দোলনকারীদের মধ্যে নাকি জামায়াত-বিএনপি ভর করেছে। স্পষ্ট করে বলতে চাই, আমাদের আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন।

বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সদস্যসচিব মাহফুজ ইসলাম বলেন, ‘আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হলে প্রয়োজনে সারা দেশ অচল করে দেওয়া হবে।

Related posts

Leave a Comment