২৭ ফেব্রুয়ারি, ২০২০(বিবিনিউজ):দুজনই বাঁ হাতি ব্যাটসম্যান। দুজনই ভীষণ প্রতিভাবান আর সম্ভাবনাময়, এরই মধ্যে নিজেদের চিনিয়েছেন টি-টোয়েন্টিতে। দুই ক্রিকেটারকে নিয়ে লম্বা মেয়াদে পরিকল্পনা আছে বিসিবির।
আফিফ হোসেন আর মোহাম্মদ নাঈম এখন খুব একটা অপরিচিত মুখ নন বাংলাদেশ দলে। দুজনেরই আন্তর্জাতিক অভিষেক হয়ে গেছে, বাংলাদেশ টি-টোয়েন্টি দলে বেশ নিয়মিতই তাঁরা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে এ দুজনের প্রথমবারের মতো ওয়ানডে দলে ঢোকাটা তাই বিশেষ চমক তৈরি করেনি। তবে নাঈম-আফিফের অন্তর্ভুক্তি নিয়ে প্রধান নির্বাচকের ব্যাখ্যাটা ভীষণ তাৎপর্যপূর্ণ।
ওয়ানডে দল ঘোষণার দিনে মিনহাজুল এ দুজনকে নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছিলেন, ‘সাদা বলে নাঈম-আফিফকে নিয়ে আমাদের লম্বা মেয়াদে পরিকল্পনা আছে।’ লম্বা মেয়াদে পরিকল্পনা বলতে নিশ্চয়ই দুই সম্ভাবনাময় বাঁহাতি ব্যাটসম্যানকে বিসিবি ২০২০ ও ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা ২০২৩ বিশ্বকাপের কথা ভেবে পরিচর্যা করে চলেছে। যেমনটা করা হয়েছে নাজমুল হোসেনকে। তাঁদের নিয়ে বিসিবির এত পরিকল্পনা, সেটি বাস্তবায়নে কতটা আশাবাদী দুই তরুণ ব্যাটসম্যান?
৫ টি-টোয়েন্টিতে ১ ফিফটিতে ৩৭.২০ গড়ে নাঈমের রান ১৮৬। গত নভেম্বরে নাগপুরে ভারতের বিপক্ষে সিরিজ-নির্ধারণী টি-টোয়েন্টি ম্যাচে ৮১ রানের ইনিংসটা হয়ে আছে দারুণ এক আগমনী বার্তা। টি-টোয়েন্টি দলে জায়গাটা ধীরে ধীরে পোক্ত হচ্ছে।
১০ টি-টোয়েন্টিতে ১১৩ রান আর ৪ উইকেট নেওয়া আফিফের চিন্তাটা অবশ্য নাঈমের মতো নয়। তিনি সব সময় থাকেন সুযোগের অপেক্ষায়, ‘অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম, টি-টোয়েন্টি খেলছি। ওয়ানডেতে ডাক পাব, এমন আশাও ছিল। সেটি পূরণ হয়েছে। চেষ্টা করব দলের জন্য ভালো কিছু করার।’
