স্টাফ রিপোর্টার,২৭ নভেম্বর, ২০২৫ (বিবিনিউজ) :ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক),সাভার এবং সাভার উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে উপজেলা ভূমি অফিসে উন্মুক্ত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় সাভারে ভূমি সেবার মানোন্নয়ন,অনিয়ম প্রতিরোধ ও জনগণের সমস্যা-সমাধান নিশ্চিত করার লক্ষ্যে সনাক সভাপতি অধ্যাপক দীপক কুমার রায় এর সভাপতিত্বে এবং আবদুল্লাহ আল আমিন, সহকারী কমিশনার (ভূমি)’র উপস্থিতিতে আয়োজিত এ গণশুনানিতে সাভারের বিভিন্ন এলাকার সেবাপ্রার্থী, জনপ্রতিনিধি,গণমাধ্যম কর্মী, সনাক,এসিজি ও ইয়েস সদস্য এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
গণশুনানিতে উপস্থিত সেবাপ্রার্থীগণ নামজারি, খাজনা পরিশোধ, ভূমির শ্রেণী সংশোধন, স্বল্প সময়ে সেবা প্রদান, অতিরিক্ত অর্থ আদায় প্রতিরোধ, ভ‚মি অফিসে নারীবান্ধব সেবা (ওয়াশরুম) নিশ্চিত করা, ভূমি সেবা সম্পর্কিত সকল তথ্য অনলাইনে সহজলভ্য করা এবং উপজেলা ভূমি অফিসে অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি প্রক্রিয়া আরও সহজ করার বিষয়ে তাঁদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।
সহকারী কমিশনার (ভূমি) গণশুনানিতে উপস্থিত সবার মতামত মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিক সমাধানযোগ্য বেশকিছু সমস্যা তাতক্ষণিকভাবেই সমাধান করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন,ভূমি সেবাকে আরো স্বচ্ছ, দ্রুত এবং জনবান্ধব করতে গণশুনানি অত্যন্ত কার্যকর একটি প্ল্যাটফর্ম। এর ধরনের কর্মসূচির মাধ্যমে সেবাদাতা ও সেবাগ্রহীতাগণের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরী হয়। তিনি আজকের গণশুনানি থেকে পাওয়া পরামর্শ ও অভিযোগসমূহ যথাযথভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি প্রদান করেন এবং সাভার উপজেলা ভূমি অফিসের সেবা খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার করেন।
সনাক-টিআইবি সদস্য সাংবাদিক সীমান্ত সিরাজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত গণশুনানিতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সনাক সহ সভাপতি এডভোকেট নজরুল ইসলাম, টিআইবি’র সাধারণ পর্ষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখম সিরাজুল ইসলাম, সনাক সদস্য সুফিয়া আক্তার,এসিজি সদস্য আব্দুর রহিম,এডভোকেট রফিকুল ইসলাম (সোহেল), টিআইবি’র ক্লাস্টার কোঅর্ডিনেটর মো: মাহান উল হক প্রমূখ। গণশুনানি ব্যবস্থাপনায় ছিলেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো: রাশিদুজ্জামান(লিটন)।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীগণ সাভার উপজেলার ৩টি ভুমি অফিসের দায়িত্বপ্রাপ্ত ৩জন সহকারী কমিশনারের উপস্থিতিতে মাঝে মাঝেই এধরনের গণশুনানি আয়োজনের দাবি জানান এবং সনাক-টিআইবি ও সাভার উপজেলা ভূমি অফিসের এ উদ্যোগের প্রশংসা করেন।
