শেখ বাশার,১৩ আগস্ট ২০২৫(বিবিনিউজ):বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর চার লাখ বিশ হাজার মানুষ খাদ্যবাহিত অসুস্থতায় মারা যায়। অনাকাঙ্ক্ষিত এ মৃত্যু ও রোগ প্রতিরোধে প্রত্যেকের সচেতন হতে হবে। নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে মৌলিক দক্ষতা ও জ্ঞান সর্বত্র ছড়িয়ে দিতে হবে। মানিকগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণে বক্তারা এসব কথা বলেন। সোমবার মানিকগঞ্জের ডেরা রিসোর্টে দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলার মোট ৩৩ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অংশগ্রহণ করেন।
জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের স্ট্রেনথেনিং দ্য ইনসপেকশন, রেগুলেটরি এন্ড কোঅরডিনেটিং (STIRC) প্রকল্প, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর সার্বিক সহযোগিতায় এবং হাইজিন ও হেলথ প্রোডাক্টের জাপানি শীর্ষস্থানীয় কোম্পানি লায়ন কর্পোরেশনের আর্থিক অনুদানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়-মানিকগঞ্জ কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক (ToT) প্রশিক্ষণের আয়োজন করা হয়। STIRC প্রকল্পের কর্মকর্তারা তাদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণের অন্তর্ভুক্ত বিষয় ছিল শিশুদের জন্য নিরাপদ খাদ্য বিষয়ক প্রাথমিক ধারণা, নিরাপদ খাদ্য বিষয়ক করণীয় ও বর্জনীয়, মৌলিক স্বাস্থবিধি এবং হাত ধোয়ার পদ্ধতি। শিক্ষকগণ প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বিদ্যালয়ে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের প্রদান করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম সরকার, জাইকা বাংলাদেশ কার্যালয় এর Project Formulation Advisor (Agriculture and Rural Development) Ms. OKADA Akiko, লায়ন কর্পোরেশন এর ব্রান্ড ম্যানেজার সালমা সুলতানা স্মৃতি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথ এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ নূর-ই-আলম সোহাগ।
পরে স্থানীয় একটি প্রাইমারি স্কুলে যেয়ে শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য বিষয়ক হাতে কলমের শিক্ষা দেওয়া হয়।
প্রতি বছর ৪ লাখ ২০ হাজার মানুষ খাদ্যবাহিত অসুস্থতায় মারা যায়
