সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে ডাকাতি

স্টাফ রিপোর্টার ,২৫ মার্চ ২০২৫(বিবিনিউজ): ঢাকার সাভারে ঢাকা – আরিচা মহাসড়কে আবারও চলন্ত যাত্রীবাহী বাসে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের মালামাল, নগদ টাকা ও মোবাইল ফোন লুটের ঘটনা ঘটেছে। সোমবার রাতে ঢাকা- আরিচা মহাসড়কের সিএন্ডবি এলাকায় এ ঘটনা ঘটে।
বাস যাত্রী লিটন জানায়, আমি একজন ব্যবসায়ী। বিকেলে শুভযাত্রা বাসে করে গুলিস্তান থেকে মালামাল নিয়ে আশুলিয়ার বলিভদ্র এলাকায় যাচ্ছিলাম। রাতে বাসটি সাভারে পৌঁছালে সিটি সেন্টারের সামনে থেকে কয়েক জন যাত্রীবেশে বাসে ওঠে। পরে তারা বাসের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিস পত্র লুট করে সিএনবি এলাকায় নেমে যায় । জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র বাসটিতে ছিলো। তারা তাদের সহপাঠীদের খবর দিয়ে বাসটি আটক করে সাভার মডেল থানায় ড্রাইভার, হেলপার ও কন্ট্রাকটরকে হস্তান্তর করেন।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, বাসটি যাত্রীরা জাহাঙ্গীরনগর ডেইরি গেটে আটকে রাখে। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। যেহেতু ঘটনাটি সাভার থানার তাই বাসটি ওই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, তিনজনকে আটক করা হয়েছে এবং লুন্ঠিত মালামাল উদ্ধারের জোর চেষ্টা অব্যাহত রয়েছে।

Related posts

Leave a Comment