স্টাফ নভেম্বর,১১ নভেম্বর,(বিবিনিউজ): মজুরি বোর্ড ঘোষিত নুন্যতম মুজুরি সাড়ে ১২ হাজার টাকা প্রত্যাখান করে সাভারের আশুলিয়ার বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুরের ঘটনায় অর্ধ শতাধিক পেশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।
সকালে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের ইউনিক, শিমুলতলা, জামগড়া, ছয়তলা, নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও জিরাবো-বিশমাইল সড়কের কাঠগড়া আমতলা, বড় রাঙ্গা মাটিয়ার বিভিন্ন কারখানা ঘুরে দেখা যায়, অধিকাংশ পোশাক কারখানার গেটে টাঙ্গিয়ে দেওয়া হয়েছে কারখানা বন্ধের নোটিশ। দি রোজ ড্রেসেস লিমিটেড, দ্যাটস ইট স্পোর্টস ওয়্যার লিমিটেড, অনন্ত গার্মেন্টস লিমিটেড, হা-মীম, শারমীন, পাইওনিয়ার লিমিটেড, এআর জিন্স প্রডিউসার লিমিটেড, ডুকাটি অ্যাপারেলস লিমিটেড, আগামী এ্যাপারেল লিমিটেড, ক্রোসওয়্যার লিমিটেড, সেইন এ্যাপারেলস লিমিটেড, টেক্সটাউন লিমিটেড, অরনেট নীট গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ প্রায় শতাধিক পোশাক কারখানার গেটে কারখানা বন্ধের নোটিশ দেখা গেছে।
কারখানার নোটিশ টাঙ্গানোতে বলা আছে, গত কয়েকদিন আগে কারখানায় বহিরাগত হামলা হওয়ার কারনে কারখানা সাধারন ছুটি ঘোষনা করা হয়। পরে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজ বন্ধ রাখেন। কারখানার কতৃপক্ষ বাধ্য কারখানা ছুটি ঘোষণা করেন। কিন্তু শ্রমিকরা কারখানা ত্যাগ না করে বিভিন্ন অবৈধভাবে বিভিন্ন দাবি উত্থাপন করতে থাকেন। এতে করে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয় এবং কারখানার অভ্যন্তরে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটে। কতৃপক্ষ বার বার অনুরোধ করা সত্বেও শ্রমিকরা শান্ত না হয়ে চরম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে । শ্রমিকদের এমন আচরণ শ্রম আইন অনুযায়ী অবৈধ ধর্মঘটের আওতায় পড়ে। এমতাবস্থায় কারখানা কতৃপক্ষ বাধ্য হয়ে নিরাপত্তাহীনতা ও অবৈধ ধর্মঘট করার কারনে বাংলাদেশ শ্রমআইন ২০০৬ সালের ১৩ (১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হলো। পরিস্থিতি স্বাভাবিক হলে কিংবা কারখানা খোলার অনুকূল পরিবেশ সৃষ্টি হলে তা নোটিশের মাধ্যমে জানানো হবে।
কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়ার বিষয়টি শ্রমিকদের মোবাইলে মেসেজ পাঠিয়েও জানিয়ে দিচ্ছে কারখানা কতৃপক্ষ। নাম প্রকাশ না করার শর্তে কারখানার শ্রমিকরা বলেন, শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলনের মুখে কারখানা কতৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষনা করেছে। আমাদের মোবাইলে এ সংক্রান্ত মেসেজ পাঠানো হয়েছে। এছাড়া কারখানার গেটে নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। আমাদের অনেকেই কারখানায় সকালে গিয়ে নোটিশ দেখে ফিরে এসেছে। কারখানা কতৃপক্ষ যে আইন দেখিয়ে ছুটি ঘোষনা করেছে সেই আইনে কারখানা যতদিন বন্ধ থাকবে ততদিনের বেতন পাবে না শ্রমিকরা।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, শ্রমিক আন্দোলনের মুখে প্রায় শতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন। আমাদের কারখানা কতৃপক্ষ এব্যাপারে কোন চিঠি দেয় নি। তবে বিভিন্নভাবে আমরা বন্ধের খবর পেয়েছি। অন্যান্য দিনের মত আজও আমাদের পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এদিকে আজও আশুলিয়ার বিভিন্ন গার্মেন্টস সকালে শ্রমিকরা প্রবেশ করলেও কাজ না করে বের হয়ে গেছেন বলে জানা গেছে।
সাভার-ঢাকা
১১-১১-২৩
সাভারের আশুলিয়ার বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, অর্ধ শতাধিক পেশাক কারখানা বন্ধ
