স্টাফ রিপোর্টার,২৭ ফেব্রুয়ারি,২০২৩(বিবিনিউজ): সাভার থেকে ডিবি পুলিশ পরিচয়ে তিন যুবককে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে তাদের কোনো হদিস পায়নি স্বজনরা।
শনিবার (২৫ ফেব্রুুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সাভার পৌর এলাকার তারাপুর মাঠ থেকে তাদের তুলে নেওয়া হয়। ভুক্তভোগীরা হলেন-তুষার মিয়া (২০), রাসেল (১৯) ও স্বপন (২০)। তারা সাভার পৌরসভার ভাগলপুর এলাকার জে কে গার্মেন্টসের শ্রমিক।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী তিন যুবকের বন্ধু শামীম খান বলেন, তুষার, রাসেল ও স্বপনসহ কারখানার ডিউটি শেষে আমরা তারাপুর মাঠে বসে গল্প করছিলাম। এ অবস্থায় রাত সাড়ে ৮টারদিকে সাদা রঙের একটি হাইয়েচ গাড়ি যোগে ৫/৬ জন লোক সাদা পোশাকে এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তিনজনকে তুলে নিয়ে চলে যায়। পরে বিষয়টি ওদের পরিবারকে জানাই এবং আমরা ঢাকা জেলা উত্তর ডিবি কার্যালয়ে ও সাভার মডেল থানায় একাধিক বার যোগাযোগ করি। ডিবি কার্যালয় থেকে আমাদের জানানো হয় তুষার, রাসেল, স্বপন নামে কাউকেই তুলে আনা হয়নি।
স্বপন মিয়ার বড় ভাই হাকিম মিয়া বলেন, আমার ছোট ভাইকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়েছে শুনে আমি সঙ্গে সঙ্গেই সাভার ডিবি অফিসে যাই। কিন্তু ওখান থেকে জানানো হয়, তারা কাউকেই তুলে আনেনি। আমার ভাই সাধারণ একজন পোশাক কারখানার শ্রমিক। ও কোনো ধরনের অপরাধ কর্মকা-ের সঙ্গে জড়িত নয়। বুঝতে পারছি না ওকে ডিবি পুলিশ তুলি নিয়েছে না কি অপহরণকারীরা অপহরণ করেছে খুব চিন্তায় আছি। সাভার থানায় জিডি করে ঢাকার মিন্টু রোডের ডিবি কার্যালয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
যোগাযোগ করা হলে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন বিল্পব বলেন,তুষার রাসেল, স্বপন নামে কাউকেই আমাদের কার্যালয়ে তুলে আনা হয়নি। ওই তিনজনের স্বজনরা আমাদের কাছে এসেছিলেন। তাদেরকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
সাভারে ৩ গার্মেন্টস শ্রমিক নিখোজ
