স্টাফ রিপোর্টার,১৪ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ):সিরাজগঞ্জ জেলা থেকে অপহরণের দশ দিন পর সাভার থেকে হযরত আলী নামের নয় বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রেডিওকলোনী এলাকা থেকে ওই শিশুকে গোপন সংবাদের ভিত্তিত্বে উদ্ধার করে সাভার হাইওয়ে থানা পুলিশ। শিশুটিকে জীবিত উদ্ধার করায় সন্তোষ প্রকাশ করেছেন তার পরিবার।
সাভার হাইওয়ে থানা পুলিশ বলছে, গত ৪ সেপ্টেম্বর সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার হাড়িভাঙ্গা গ্রামের বেলাল হোসেনের নয় বছরের ছেলে হযরত আলীকে অপহরণ করেন খোকন নামের এক অপহরণ কারী। পরে মুঠোফোনে শিশুটির পরিবারের কাছে কয়েক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারী। টাকা না দিলে বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে জানালে শিশুটিকে হত্যা করে লাশ গুম করার হুমকি ধামকি দেওয়া হয়। পরে শিশুটির পরিবার মুক্তিপণের টাকা জোগাড় করতে না পারলে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় অপহরণকারী খোকনকে প্রধান আসামী করে অপহরণের একটি মামলা দায়ের করেন। অপহরণকারী ঘন ঘন স্থান বদলানোয় উল্লাপাড়া থানা পুলিশ বিষয়টি সাভার হাইওয়ে থানা পুলিশকে অবহতি করলে রাতে সাভারের রেডিওকলোনী এলাকায় গোপন সংবাদের ভিত্তিত্বে উন্নত প্রযুক্তি ব্যবহার করে অপহরণের শিকার শিশুটিকে উদ্ধার করেন সাভার হাইওয়ে থানার এস আই আব্দুর রহিম। এসময় অপহরণকারী খোকনকেও গ্রেপ্তার করা হয়। পরে শিশুটিকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। প্রিয় সন্তানকে জীবিত পাওয়ায় শিশুটির পরিবার এসময় আবেগ আপ্লুত হয়ে পড়েন। পরে উদ্ধার হওয়া শিশুটি ও অপহরণকারীকে উল্লাপাড়া থানা পুলিশের কাছে সকালে হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃত অপহরণকারী একই জেলার বরাইল গ্রামের সোবাহান মিয়ার ছেলে।
অপহরণের ১০ দিন পর সাভার থেকে নয় বছরের এক শিশু উদ্ধার
