৩০ নভেম্বর ২০২১(বিবিনিউজ ):পরিবেশ দূষণের দায়ে সাভারের চামড়াশিল্প নগর বন্ধ করতে শিল্প মন্ত্রণালয়কে চিঠি পাঠাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে কমিটি জানিয়েছে, চামড়াশিল্প নগর বন্ধ হচ্ছে। বর্জ্য পরিশোধনের পরিপূর্ণ ব্যবস্থা নিয়ে এই শিল্পনগর চালাতে হবে।
গত ২৩ আগস্ট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না হওয়ায় সাভারের চামড়াশিল্প নগর আপাতত বন্ধ রাখার সুপারিশ করে। এরপর শিল্প মন্ত্রণালয় একটি টাস্কফোর্স গঠন করেছিল। তবে এখনো সেখানে বর্জ্য পরিশোধনের যথাযথ ব্যবস্থা তৈরি হয়নি। সোমবার সংসদীয় কমিটির বৈঠকে বিষয়টি আবার আলোচনায় ওঠে। বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের একজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, ‘আমাদের যে চাহিদাগুলো আছে সেগুলো তারা পূরণ করবে। আমরা তাদের সহযোগিতা করব, কীভাবে করলে এটা কমপ্লায়েন্ট হতে পারে। সেটা করার পর তারা নিয়ম অনুযায়ী যদি ছাড়পত্র পায়, তারা শিল্পনগরী চালু করতে পারবে। তার আগে এখনই এটা বন্ধ করতে হবে। এটা চলতে পারবে না।’
এক প্রশ্নের জবাবে সাবের হোসেন বলেন, ‘কোনো ইনডিভিজুয়্যাল ইউনিট যদি ইটিপি (নিজস্ব বর্জ্য পরিশোধনাগার) করে, সেটার বিষয় আলাদা করে বিবেচনা করা হবে। আজকে ফাইনাল ডিসিশন হয়েছে, এটা বন্ধ হয়ে যাবে। এটা মিনিস্ট্রিরও সিদ্ধান্ত। আমরা জানিয়ে দিয়েছি। চিঠি ইস্যু হয়ে যাবে।’
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাভারের চামড়া শিল্প নগরীতে দৈনিক ৪০ হাজার ঘনমিটার বর্জ্য উৎপাদন হয়। সেখানে বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতা রয়েছে ২৫ হাজার ঘনমিটার। প্রতিদিন ১৫ হাজার ঘনমিটার বর্জ্য নদীতে মিশছে।
