২৮ নভেম্বর ২০২১(বিবিনিউজ ):ঢাকার সাভারে পারিবারিক কলহের জেরে স্বামীর শরীরে গরম তেল ঢেলে ঝলসে দিয়েছেন স্ত্রী। এ অবস্থায় ১০ দিন স্বামীকে ঘরেই রাখেন পাষণ্ড স্ত্রী। অবশেষে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে পুলিশ।
রোববার (২৮ নভেম্বর) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর নতুনপাড়া এলাকার মুক্তার আলীর বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এর আগে, গত ১৯ নভেম্বর রাত দেড়টার দিকে স্বামী আমিনুলের শরীরে গরম তেল ঢেলে দেয় স্ত্রী ফরিদা।
ভুক্তভোগী স্বামী আমিনুল ইসলাম (৩৩) ফরিদপুর জেলার বালিয়াডাঙ্গী থানার রতনাই বাঘা গ্রামের মো. হাশেম আলীর ছেলে। তিনি সাভারের ভরারী ডাড পোশাক কারখানার অপারেটর হিসেবে কাজ করতেন। অভিযুক্ত স্ত্রী ফরিদা (২৯) একই জেলার পাংশা থানার হরিনাডাঙ্গী গ্রামের আকবর আলীর মেয়ে। তিনি হেমায়েতপুর এলাকার এজিআই পোশাক কারখানায় অপারেটর হিসেবে চাকরি করেন।
আহত যুবকের পরিবারের সদস্যরা জানান, গত কয়েকদিন ধরে হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় মোক্তার হোসেনের বাড়ির ভাড়াটিয়া আমিনুর ইসলাম ও তার স্ত্রী ফরিদার মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিলো। তারই সূত্র ধরে গত ১৯ নভেম্বর রাতে নিজ ঘরে আমিনুল ঘুমিয়ে থাকলে তার স্ত্রী গ্যাসের চুলায় কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার ঘুমন্ত স্বামীর মুখে ও শরীরের বিভিন্ন স্থানে ঢেলে দেন। এসময় মুহূর্তের মধ্যে তার স্বামীর মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে তার চিৎকারে বাড়িওয়ালা ঘরে গিয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হেমায়েতপুর জামাল ক্লিনিক হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই ব্যক্তিকে তার স্ত্রী বাসায় নিয়ে আসে এবং বিষয়টি আত্মগোপন করে। প্রায় ১০ দিন ঘরেই বিনা চিকিৎসায় পড়েছিল আমিনুল। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে থানায় খবর দেয়। খবর পেয়ে আমিনুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠায় পুলিশ।
এ বিষয়ে বাড়িওয়ালার স্ত্রী ইয়াছমিনকে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং একপর্যায়ে বিষয়টি জানতেন বলে স্বীকার করেন।
