জাপানে রোববার ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়। দেশটির রাজধানী টোকিও ও পূর্বাঞ্চলের একটি বড় এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ২৪ মিনিটে (গ্রিনিচ মান সময় ০৪২৪) ভূমিকম্পটি আঘাত হানে। এর মূলকেন্দ্র ছিল জাপানের রাজধানী টোকিওর উত্তরপূর্বাঞ্চলে অবস্থিত ইবারাকির ৪০ কিলোমিটার গভীরে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ভূমিকম্পের পর ওই অঞ্চলে ‘শিঙ্কানসেন’ বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়।
কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এ সময় ইবারাকি এলাকার টোকাইয়ে অবস্থিত পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে কোন ধরনের অস্বাভাবিকতা দেখা যায়নি।
২০১১ সালের মার্চ মাসে জাপানের উত্তরপূর্বাঞ্চলে সমুদ্রতলের একটি ভূমিকম্প ও সুনামির আঘাতে ১৫ হাজারের বেশি লোক প্রাণ হারায়।
টোকিওতে ৫ মাত্রার ভূমিকম্প
