ঢাকা জেলা পরিষদের ইতিহাসে ১০১৮টি পূজামন্ডপে প্রায় ৭০ লাখ টাকার অনুদান


ষ্টাফ রিপোর্টার,১৬ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): ঢাকা জেলা পরিষদের ইতিহাসে এই প্রথমবারের মতো শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা ও মহানগরের পূজামন্ডপ গুলোতে বড় অঙ্কের আর্থিক অনুদান দেওয়া হয়েছে। পৃথক পৃথক সময়ে ঢাকা জেলার ৫টি উপজেলার ৮৬৯টি এবং ঢাকা মহানগর এলাকার ১৪৯টিসহ সর্বমোট ১ হাজার ১৮টি পূজামন্ডপে মোট ৬৯ লাখ ১০ হাজার (প্রায় ৭০ লাখ) টাকা অনুদান বিতরণ করা হয়েছে। ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ এ তথ্য জানান।

তিনি আরো বলেন, অনুদান বিতরণে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কোনো ধরনের মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি অনুষ্ঠানিক ভাবে স্থানী এমপি ও ডিসির উপস্থিতিতে পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে। বরাদ্দকৃত অর্থের মধ্যে সাভার,ধামরাইসহ জেলার ৫টি উপজেলার ৮৬৯টি মন্ডপের জন্য ৪৩ লাখ ৪৫ হাজার টাকা এবং ঢাকা মহানগরের ১৪৯টি মন্ডপের জন্য ২৬ লাখ টাকা প্রদান করা হয়।


উপজেলাওয়ারী হিসাবে সাভারে সর্বোচ্চ ২৩৮টি, ধামরাইয়ে ২৩৫টি, নবাবগঞ্জে ২০১টি, কেরানীগঞ্জে ১৫৩টি এবং দোহারে ৪২টি পূজামন্ডপ এই সহায়তার আওতায় এসেছে। প্রান্তিক পল্লী অঞ্চল থেকে শুরু করে নগরসংলগ্ন এলাকার সব মন্ডপেই বিভিন্ন ক্যাটাগরিতে এই অনুদান পৌঁছে দেওয়া হয়।
নবাবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে নবাবগঞ্জ ও দোহার উপজেলার মন্ডপগুলোর অনুকূলে চেক বিতরণ করা হয়। ঢাকা জেলা প্রশাসক হ্যালো ডিসি ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা জেলার দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দীন টুকু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক মো. ইয়াছিন ফেরদৌস মোরাদ।


ধামরাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুনের সভাপতিত্বে চেক ও সরকারি জিআর চাল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের পাশে বর্তমান সরকার সব সময় রয়েছে এবং উৎসব নির্বিঘœ করতে সব ধরনের প্রশাসনিক ও সামাজিক প্রস্ততি নেওয়া হয়েছে।
একই দিন কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ঢাকা-২ আসনের মন্ডপগুলোর জন্য আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী, ডাকসুর সাবেক ভিপি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য আমানউল্লাহ আমান। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোঃ ইয়াছিন ফেরদৌস মোরাদ।


অনুষ্ঠানে আমানউল্লাহ আমান বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। নিরাপত্তা পাওয়ার অধিকারও সবার।” দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো অপশক্তি যাতে বিশৃঙ্খলা সৃষ্টি বা নাশকতা চালাতে না পারে, সে জন্য কেরানীগঞ্জের প্রতিটি মন্ডপে তিন শিফটে (৮ ঘণ্টা করে) সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা রাখার নির্দেশ দেন তিনি।
এ ছাড়া ঢাকা-৩ আসনের কেরানীগঞ্জ অংশে তেঘরিয়া ইউনিয়নের স্বর্গপুরী মন্দিরে আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী।
বৃহস্পতিবার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাহউদ্দিন বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্ডপ প্রতিনিধিদের হাতে চেক তুলে দেন।
অপরদিকে ঢাকা মহানগর এলাকার জন্য স্থানীয় সংসদ সদস্য, তাঁদের প্রতিনিধি এবং সিটি করপোরেশনের প্রশাসকদের মাধ্যমে চেকগুলো বিতরণ করা হয়েছে।
এর মধ্যে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রশীদ, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ রবিউল আলম, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন স্ব-স্ব এলাকার পূজা কমিটির কাছে চেক বিতরণ করেন।

এ ছাড়া ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মো. কামাল হোসেন, প্রকৌশলী ইশরাক হোসেন ও ববি হাজ্জাজের নির্বাচনী এলাকা থেকে প্রাপ্ত আবেদন এবং বিরোধী দলের অন্যান্য সংসদ সদস্যদের সুপারিশের ভিত্তিতে মন্ডপগুলোতে আর্থিক অনুদানের চেক দেওয়া হয়।

Related posts

Leave a Comment