স্টাফ রিপোর্টার,১১ আগস্ট ২০২৫(বিবিনিউজ):গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাভার প্রেসক্লাব। ক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, সিনিয়র সহসভাপতি আরিফুর রহমান, গ্লোবাল টিভির সাভার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক তোফাসানি, এটিএন বাংলা বাংলাদেশ বেতারের শেখ বাশার, ক্লাবের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, একুশে টিভির শাহেদ জুয়েল, জিটিভির আজিমুদ্দিন, দপ্তর সম্পাদক এমদাদুল হকসহ অনেকে।
অনুষ্ঠানে সাংবাদিকরা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড শুধু একটি প্রাণহানি নয়, এটি সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর এক নির্মম ও বর্বর আঘাত। তুহিন হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করা হলেও পেছনের কুশিলবদের এখনও গ্রেফতার করা হয়নি। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারসহ তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।এই ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন সকলে। অনুরুপ ভাবে ঢাকার আশুলিয়া ও ধামরাইয়ের স্থানীয় সংবাদকর্মীরা মানববন্ধন ও ওপ্রতিবাদ সভা করেছে।
