১১ মার্চ ২০২৪(বিবিনিউজ):’নারীর সম-অধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্বিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এদিন সকাল সাড়ে নয়টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ চত্ত্বরে নারী দিবসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার। পরে বিজনেস স্টাডিজ চত্ত্বর থেকে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে জহির রায়হান মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা ও মহিলা ক্লাব পরিচালিত রাগিনী সঙ্গীত বিদ্যালয়ের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নারী দিবসের অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার বলেন, প্রধানমন্ত্রী এবছরও জয়িতা মাধ্যমে অনেককে পুরস্কার দিয়েছেন, এর অর্থই হচ্ছে নারীদের উৎসাহিত করা। সরকারিভাবে চাকরির পাশাপাশি ব্যবসা, বিনিয়োগেও নারীদের উৎসাহিত করা হচ্ছে। আর আন্তর্জাতিক নারী দিবস মানে শুধু নারীদের অংশগ্রহণ নয়, এখানে পুরুষদেরও অংশগ্রহণ প্রয়োজন। নারী ও পুরুষ মিলেই সমাজ। তিনি বলেন, সমাজের তখনই উন্নতি হবে যখন নারী ও পুরুষ কাধে কাধ মিলিয়ে কাজ করবে। সমাজের বিভিন্ন পর্যায়ে নারী ও পুরুষের অধিকারকে সমানভাবে দেখার বিষয়েও জানান তিনি।
নারী দিবসের অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাবের সভাপতি শাহনারা আলম, মহিলা ক্লাবের সাধারণ সম্পাদক আরফিয়া খানম, বাংলা বিভাগের অধ্যাপক ড. পৃথ্বিলা নাজনীন নীলিমা, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আবু হাসান, জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক নিগার সুলতানা ও সঞ্চালনা করেন শারিরীক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো আন্তর্জাতিক নারী দিবস
