ধামরাইয়ে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

১৪ নভেম্বর ২০২১(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, গাবতলী থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়া মাদ্রাসার সামনে পৌছলে ওভারটেক করার সময় ঢাকাগামী রাফসান ক্লাসিক পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন। পরে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

আহত যাত্রী মোহাম্মদ আলী ও নিপা জানান, বেপরোয়া গতিতে আসা সেলফি পরিবহনের বাসটি ওভারটেক করার সময় অপর বাসের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে। রাস্তায় আরও কয়েকবার বাসটির দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছিল। যাত্রীরা বলার পরও চালক সর্তক হয়নি।

এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত বাস দুটি আটক করা হয়েছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপরদিকে সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের থানা বাসষ্ট্যান্ড এলাকায় দূর পাল্লার বাস চাপায় শুভল চন্দ্র ভ্রমণ নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত শুভল চন্দ্র ভ্রমণ আশুলিয়ার পাড়াগ্রাম নয়াপাড়া এলাকার মদন চন্দ্র ভ্রমণের ছেলে।

Related posts

Leave a Comment