
৩০ জুন, ২০১৯ (বিবিনিউজ) : গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যেই উবার চালক আরমানকে (৪০) হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন।
তিনি বলেন, এই হত্যাকান্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হচ্ছে- হত্যার মূল পরিকল্পনাকারী সিজান (২৪), শরিফ (১৯) ও সজিব (২০)।
তিনি আজ রাজধানীর মিন্টোরোড়ে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আবদুল বাতেন বলেন,এই হত্যাকারীদের টার্গেট ছিল একটি টয়োটা এলিয়েন মডেলের গাড়ি ছিনতাই করা। টার্গেট হিসেবে তারা বেছে নিয়েছিল রাইড শেয়ারিং কোম্পানি উবারের গাড়ি। পরিকল্পনা অনুযায়ী এলিয়েন গাড়ি পেতে উবারের রাইড রিকয়েস্টে এক-দুই বার নয়, পাঁচ বারের চেষ্টা করে পেয়ে যায় কাঙ্খিত এলিয়েন মডেলের গাড়ি। পরে উত্তরা ১৪ নম্বর সেক্টরে পরিকল্পনা অনুযায়ী গত ১৪ জুন উবার চালক আরমানকে হত্যা করা হয় ।
তিনি জানান, ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে গতকাল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে হত্যাকারীদের সাথে নিয়ে হত্যাকান্ডে ব্যবহৃত দুইটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
ডিবি প্রধান জানান, গত ১৩ জুন রাতে উত্তরা পশ্চিম থানাধীন ১৪ নম্বর সেক্টরস্থ ১৬ নম্বর রোডের ৫২ নম্বর বাড়ির সামনে গাড়ির মধ্যে চালক আরমানকে গলা কেটে হত্যা করা হয়।
হত্যাকান্ডের পর গোয়েন্দা উত্তর বিভাগের উত্তরা জোনাল টিম ছায়া তদন্তে নামে। তদন্তের এক পর্যায়ে জানা যায়, উবার চালক আরমান হত্যার মূল পরিকল্পনাকারী সিজান এবং তার সঙ্গে ছিল শরিফ ও সজিব।
