স্টাফ রিপোর্টার,২২ অক্টোবর,(বিবিনিউজ): বাংলাদেশ তায়কোয়ানদো ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত বঙ্গবন্ধু প্রথম উন্মুক্ত আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
শনিবার সন্ধ্যায় সাভারের আশুলিয়ায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপিতে) তিন দিন ব্যাপি বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের আয়োজনে বঙ্গবন্ধু ওপেন আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ ফেডারেশন এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্বাগতিকরা জিতেছে ৩০টি স্বর্ন, ২০টি রৌপ্য ও ১৫টি ব্রোঞ্জ পদক। আর রানার্সআপ হওয়া নেপাল জিতেছে ১৫টি স্বর্ন, ১০টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জ পদক।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান -বিকেএসপিতে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
এসময় ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল ও সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা,সহ-সভাপতি মোঃ জাইদুল ইসলাম মোল্লাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
তিন দিন ব্যাপী প্রতিযোগিতায় বাংলাদেশসহ আফগানিস্তান, থাইল্যান্ড, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মালয়েশিয়ার মোট ৭০০জন প্রতিযোগী বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহন করেন।
