স্টাফ রিপোর্টার,১৭ নভেম্বর(বিবিনিউজ): ঢাকার সাভারে পটুয়াখালি জেলার কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু বক্কর সিদ্দিককে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোর রাতে সাভার ও ঢাকা মহানগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা সবাই ডাকাত দলের সদস্য। তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে একথা জানান ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান। পুলিশ বলছে, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিএমবি এলাকায় সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিতে আসেন বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকতারা। সেখানে পটুয়াখালি জেলার কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিকও প্রশিক্ষণ নিতে আসেন। এর পর তিনি গত ১৫ নভেম্বর রাতে সাভারে কাজ শেষ করে একটি লোকাল বাসে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের সিএমবি এলাকায় নামেন। এর পর তাকে একদল অস্ত্রধারী ছিনতাইকারী ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ফোন লুটপাট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে। সেখানে চলছে তার চিকিৎসা সেবা। এঘটনায় স্থানীয়রা পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। পরে সেই দিনেই ভুক্তভোগীর পরিবার অজ্ঞাত আসামীদের নামে সাভার মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ আজ ভোর রাতে পাঁচ জন ডাকাতকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন,রাসেল ফকির,নাঈম,কামরুল হাসান,সজীব আহমেদ,ও আরমান। তাদের বাড়ি বিভিন্ন জেলায়। এসময়র ডাকাতদের কাছ থেকে নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারকৃত ডাকাতদের আদালতে প্রেরণ করা হয়। এঘটনার পর থেকে সাভার ও আশুলিয়ায় বিভিন্ন সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোর করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান। সংবাদ সম্মেলনে এসময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
