১ এপ্রিল ২০২৬(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সভাপতি ড. মো. সাখাওয়াত হোসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অ্যাডভাইজরি গ্রুপের সদস্য হিসেবে নিয়োগ পাওয়ায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন । ড. সাখাওয়াত আগামী দুই বছরের জন্য অনারারি সদস্য, WHO Regional Expert Group (Environmental Determinants of Health and Climate Change) হিসেবে দায়িত্ব পালন করবেন।
আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ড. মো. সাখাওয়াত হোসেনের এ সদস্য পদ লাভে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনন্দিত। এই নিয়োগ তাঁকে শিক্ষা ও গবেষণায় আরও বেশি অবদান রাখতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। ড. সাখাওয়াত হোসেনের এই অর্জন বায়ুদূষণ, জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য খাতে তাঁর দীর্ঘদিনের গবেষণা এবং গুরুত্বপূর্ণ অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি। উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন, আঞ্চলিক বিশেষজ্ঞ দলের সদস্য হিসেবে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর ভূমিকা রাখবেন। উপাচার্য তাঁর শুভেচ্ছা বার্তায় ড. মো. সাখাওয়াত হোসেনের অব্যাহত সাফল্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেন।
